
ফাইল ছবি
ইরানের জ্বালানি স্থাপনায় মার্কিন হামলা চালানোর সময়সীমা ১০ দিন পিছিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণার পরপরই বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করেছে।
শুক্রবার (২৭ মার্চ) সকালে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল বা ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই—উভয় ধরনের তেলের দামেই নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে।
শুক্রবার গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত আড়াইটায় দেখা যায়, ব্রেন্ট ক্রুডের দাম ১.৫ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯৩.০৭ ডলারে নেমেছে। অন্যদিকে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই-এর দাম ১.৮ শতাংশ কমে ১০৬.১২ ডলারে দাঁড়িয়েছে। ট্রাম্পের এই সিদ্ধান্তে তেলের বাজারে হঠাৎ করে বড় ধরনের এক স্বস্তি ফিরে এসেছে।
বাজার বিশ্লেষকদের মতে, হামলার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তে সাময়িকভাবে দাম কমলেও দীর্ঘমেয়াদি সংঘাতের আশঙ্কায় তেলের বাজার এখনো অস্থিতিশীল রয়েছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ৫০ শতাংশ এবং ডব্লিউটিআই তেলের দাম প্রায় ৪০ শতাংশ পর্যন্ত বেড়েছে। এই পরিস্থিতিতে ট্রাম্পের সময়সীমা বাড়ানোর ঘোষণা বাজার নিয়ন্ত্রণে কিছুটা ভূমিকা রাখছে।
তবে জ্বালানি বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী ১০ দিন পর পরিস্থিতি কী দাঁড়াবে তা নিয়ে এখনো সংশয় রয়েছে। হামলার হুমকি পুরোপুরি প্রত্যাহার না হওয়া পর্যন্ত বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় কোনো স্থিতিশীলতা আসা কঠিন। আপাতত ট্রাম্পের এই এক ঘোষণাতেই বিনিয়োগকারী ও আমদানিকারকদের মধ্যে কিছুটা স্বস্তি দেখা যাচ্ছে।








































