সোমবার । মার্চ ৩০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ২৯ মার্চ ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন
শেয়ার

গতি নিয়ন্ত্রনে গণপরিবহনে চালু হচ্ছে জিপিএস


Public transport

সড়ক-মহাসড়কে অনিয়ম বন্ধ ও দুর্ঘটনা রোধে দেশের সব গণপরিবহনে জিপিএস সিস্টেম চালুর সিদ্ধান্ত

সড়ক-মহাসড়কে অনিয়ম বন্ধ ও দুর্ঘটনা রোধে দেশের সব গণপরিবহনে জিপিএস (GPS) সিস্টেম চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে মহাসড়কে গাড়ির গতি ৮০ কিলোমিটারের উপরে উঠলেই স্বয়ংক্রিয়ভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

রবিবার (২৯ মার্চ) সচিবালয়ে ঈদযাত্রা-পরবর্তী মূল্যায়ন সভা শেষে সাংবাদিকদের এসব সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী। সভায় বিআরটিএ, পুলিশ এবং মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সেতুমন্ত্রী জানান, সব গণপরিবহনে জিপিএস ট্র্যাকিং চালুর মাধ্যমে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, নির্ধারিত রুটের বাইরে চলাচল (রুট ভায়োলেশন), অতিরিক্ত ভাড়া আদায় এবং ফিটনেসবিহীন গাড়ি সহজে শনাক্ত করা যাবে। বিআরটিএ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে এই ডিজিটাল নিয়ন্ত্রণ ব্যবস্থা পরিচালনা করবে। বর্তমানে চালু থাকা সিসিটিভি ও স্পিড ক্যামেরার কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

এবারের ঈদযাত্রায় প্রায় দেড় কোটি মানুষ ঢাকা ছাড়লেও বড় ধরনের স্থবিরতা তৈরি হয়নি বলে দাবি করেন মন্ত্রী। তবে কিছু অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন। আগামী ঈদুল আজহাকে সামনে রেখে যাত্রাকে আরও নিরাপদ ও যানজটমুক্ত করতে বেশ কিছু সুপারিশ গ্রহণ করা হয়েছে।

সভায় নেওয়া সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে মহাসড়কে অস্থায়ী বাজার বসতে না দেওয়া, ট্রাক ও পণ্যবাহী যান চলাচলে আরও কঠোর নিয়ন্ত্রণ এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাড়তি নজরদারি। বিশেষ করে গাজীপুর-চন্দ্রা ও শফিপুর এলাকায় যানজট কমাতে সমন্বিত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

মন্ত্রী আরও জানান, ভবিষ্যতে মহাসড়কের পাশে যত্রতত্র টিকিট কাউন্টার বসানো যাবে না। নির্ধারিত বাস টার্মিনাল থেকেই টিকিট বিক্রি নিশ্চিত করতে হবে। এছাড়া ফেরি পারাপারের ক্ষেত্রে যাত্রী নামিয়ে তবেই যানবাহন ওঠানো বাধ্যতামূলক করার বিষয়টি কঠোরভাবে নজরদারি করা হবে।

সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে এই ডিজিটাল রূপান্তর বড় ধরনের ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।