
দেশে মোট লিড সনদপ্রাপ্ত কারখানার সংখ্যা দাঁড়িয়েছে ২৮০টি
পরিবেশবান্ধব পোশাক উৎপাদনে বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থান আরও সুসংহত হলো। নতুন করে আরও পাঁচটি তৈরি পোশাক (আরএমজি) কারখানা ‘লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন’ (লিড) সনদ অর্জন করেছে। এর ফলে দেশে মোট লিড সনদপ্রাপ্ত কারখানার সংখ্যা দাঁড়িয়েছে ২৮০টিতে।
এই নতুন সংযোজনের ফলে বাংলাদেশে এখন ১১৮টি প্ল্যাটিনাম ও ১৪৩টি গোল্ড রেটেড লিড সনদপ্রাপ্ত কারখানা রয়েছে। উল্লেখ্য যে, বিশ্বের শীর্ষ ১০০টি সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত কারখানার মধ্যে ৫২টিই বাংলাদেশের, যা টেকসই ও পরিবেশবান্ধব শিল্পায়নে এদেশের দৃঢ় অবস্থানের প্রমাণ।
শিল্প সূত্র অনুযায়ী, সম্প্রতি লিড সনদ পাওয়া কারখানাগুলো হলো:
উইন্টার ড্রেস লিমিটেড, সাভার: ৮৫ পয়েন্ট পেয়ে ‘প্ল্যাটিনাম’ সনদ অর্জন করেছে।
মেহের গার্মেন্টস লিমিটেড, চট্টগ্রাম: ৮৯ পয়েন্ট পেয়ে ‘প্ল্যাটিনাম’ সনদ পেয়েছে।
এপিক গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং (ইউনিট-৭), নারায়ণগঞ্জ: গোল্ড সনদ অর্জন করেছে।
সুরমা গার্মেন্টস লিমিটেড, ঢাকা: ৭১ পয়েন্ট পেয়ে গোল্ড সনদ পেয়েছে।
নাফা অ্যাপারেলস লিমিটেড (ইউনিট-২), ধামরাই: গোল্ড সনদ অর্জন করেছে।
শিল্প নেতারা বলছেন, এই সাফল্য তৈরি পোশাক খাতে সবুজ প্রযুক্তি, জ্বালানি দক্ষতা ও পরিবেশগতভাবে টেকসই উৎপাদন ব্যবস্থা গ্রহণে বাংলাদেশের ধারাবাহিক অগ্রগতির প্রতিফলন। বর্তমানে সবুজ পোশাক কারখানার ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। পানি সংরক্ষণ, কার্বন নিঃসরণ হ্রাস এবং কর্মক্ষেত্রের উন্নত পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে বিশ্ব বাজারে বাংলাদেশের সক্ষমতা আরও বৃদ্ধি পাচ্ছে।






































