
হামলার ফলে প্রশাসনিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠান মিলিয়ে মোট ৭৮৯টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় গত ত্রিশ দিনে অন্তত ২৮১ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা। রোববার এ তথ্য জানিয়েছে আনাদোলু নিউজ।
ইরানের শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কেন্দ্রের প্রধান হোসেইন সাদেগি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএকে বলেন, নিহতদের মধ্যে রয়েছে ২২২ জন শিক্ষার্থী, চারজন প্রাক-প্রাথমিক শিক্ষার্থী, ৪৮ জন শিক্ষক এবং সাতজন অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা।
তিনি জানান, মার্কিন-ইসরায়েলি হামলায় আরও ১৮৫ জন শিক্ষার্থী ও শিক্ষা খাতের কর্মী আহত হয়েছেন।
সাদেগি বলেন, হামলার ফলে প্রশাসনিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠান মিলিয়ে মোট ৭৮৯টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে ৭০০টি স্কুল, ৪০টি প্রশাসনিক ভবন, ৩০টি ক্রীড়া স্থাপনা, পাঁচটি শিক্ষার্থী ক্যাম্প এবং ১৪টি সাংস্কৃতিক ও শিক্ষাকেন্দ্র।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর ধারাবাহিক বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এসব হামলায় এখন পর্যন্ত দেশটিতে দুই হাজারের কাছাকাছি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও রয়েছেন।
এদিকে ইরান পাল্টা জবাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলের পাশাপাশি জর্ডান, ইরাক ও উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে, যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা রয়েছে। এসব হামলায় হতাহতের ঘটনা ঘটেছে এবং বিভিন্ন অবকাঠামোর ক্ষতি হয়েছে। পাশাপাশি এর প্রভাব পড়েছে বৈশ্বিক বাজার ও বিমান চলাচলেও।











































