মঙ্গলবার । মার্চ ৩১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ৩০ মার্চ ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শেয়ার

ট্যাংক-লরি শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট


truck

রবিবার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন ট্যাংক-লরি শ্রমিকরা

নীলফামারীতে ভ্রাম্যমাণ আদালতে তিন সহকর্মীকে কারাদণ্ড ও বড় অংকের জরিমানা করার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে উত্তরাঞ্চল। এর প্রতিবাদে রবিবার (২৯ মার্চ) সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন ট্যাংক-লরি শ্রমিকরা। ফলে রংপুর বিভাগের আট জেলায় জ্বালানি তেল সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পার্বতীপুর রেলওয়ে হেড ডিপো থেকে তেল নিয়ে যাওয়ার সময় নীলফামারী জেলগেটের কাছে একটি ট্যাংক-লরিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৩ লিটার তেল চুরির অভিযোগে ফিলিং স্টেশনের ব্যবস্থাপক একরামুল হক, চালক শ্রীকৃষ্ণ এবং সহকারী রিফাতকে আটক করা হয়। পরে নীলফামারীর নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) নিয়াজ ভূঁইয়া তাদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড এবং এক লাখ টাকা করে জরিমানা করেন।

রংপুর বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়ন এই ধর্মঘটের ডাক দিয়েছে। তাদের প্রধান দুটি দাবি হলো: ১. আগামী ২৪ ঘণ্টার মধ্যে আটক তিন শ্রমিকের নিঃশর্ত মুক্তি। ২. নীলফামারীর এনডিসি নিয়াজ ভূঁইয়াকে অবিলম্বে প্রত্যাহার।

ধর্মঘটের কারণে দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে হেড অয়েল ডিপো থেকে ডিজেল, পেট্রোল বা অকটেন উত্তোলন বন্ধ রয়েছে। এর ফলে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর, নীলফামারী, গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিরহাটে জ্বালানি সংকট তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনও শ্রমিকদের এই দাবির প্রতি সমর্থন জানিয়েছে।

ইউনিয়নের সাধারণ সম্পাদক আতাউর রহমান জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই ধর্মঘট চলবে। এই অচলাবস্থা দীর্ঘায়িত হলে উত্তরাঞ্চলের বাস, ট্রাকসহ সব ধরনের যাত্রী ও পণ্য পরিবহন সেবা স্থবির হয়ে পড়ার চরম ঝুঁকি রয়েছে। তবে সমস্যা সমাধানে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনার চেষ্টা চলছে বলে জানা গেছে।