
ঢাকা মেডিক্যাল কলেজসহ দেশের শীর্ষ পাঁচটি মেডিক্যাল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার। সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। একটি মেডিক্যাল কলেজে নতুন উপাধ্যক্ষও নিয়োগ পেয়েছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মেডিক্যালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাজহারুল শাহীন।
স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মোহাম্মদ মনির-উজ-জামান, যিনি এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ছিলেন।
আর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. আঈনুল ইসলাম খান, তিনিও অধিদপ্তরে ওএসডি হিসেবে কর্মরত ছিলেন।
নোয়াখালী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির নাক, কান, গলা বিভাগের অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম ও মুগদা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মোশাররফ হোসেন।
এ ছাড়া শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির অ্যানেস্থেসিওলজি বিভাগের অধ্যাপক ডা. রেহান উদ্দিন খান।
প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।







































