মঙ্গলবার । মার্চ ৩১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ৩০ মার্চ ২০২৬, ৯:৫০ অপরাহ্ন
শেয়ার

অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ


UGC

সরকার ও ইউজিসির অনুমোদন ছাড়াই পরিচালিত সব দেশি–বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস ও স্টাডি সেন্টারের শিক্ষা কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

সোমবার ইউজিসির আন্তর্জাতিক সহযোগিতা বিভাগ থেকে জারি করা এক আদেশে বলা হয়, অনুমোদনবিহীন বহু শিক্ষাপ্রতিষ্ঠান দেশে শাখা ক্যাম্পাস, স্টাডি সেন্টার ও টিউটোরিয়াল সেন্টার পরিচালনা করছে—যা কমিশনের জন্য গভীর উদ্বেগজনক।

ইউজিসি জানায়, ‘বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস ও স্টাডি সেন্টার পরিচালনা বিধিমালা, ২০১৪’ অনুযায়ী অনুমোদন ছাড়া এ ধরনের কার্যক্রম চালানোর সুযোগ নেই। বিধিমালার নিয়ম অনুযায়ী এসব প্রতিষ্ঠানকে ২০২৬ সালের ২৫ এপ্রিলের মধ্যে বৈধতার জন্য আবেদন করতে হবে।

কমিশন জানায়, আবেদন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম স্থগিত থাকবে। নির্দেশনা অমান্য করে কার্যক্রম চালিয়ে গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

ইউজিসি ইতোমধ্যে অনুমোদনহীন প্রতিষ্ঠানগুলোর একটি তালিকাও হাতে পেয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।