বৃহস্পতিবার । এপ্রিল ২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১ এপ্রিল ২০২৬, ৭:৪৯ অপরাহ্ন
শেয়ার

মুলতবি প্রস্তাবের নোটিশটি বিধিসম্মত ছিল না: সরকারি দল


Parliament

সংগৃহীত ছবি

গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের দাবিতে বুধবার সংসদে তীব্র ক্ষোভ প্রকাশ করে ওয়াকআউট করেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ তাদের ধৈর্য ধরার অনুরোধ করলেও বিরোধী দল তা মানেনি। সরকারি দল জানায়, বিরোধী দলের যে মুলতবি প্রস্তাবের ভিত্তিতে সিদ্ধান্ত চাওয়া হয়েছে, সেটি বিধিসম্মত নয়—ফলে সিদ্ধান্ত গ্রহণের সুযোগও নেই।

প্রশ্নোত্তর পর্ব শেষে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বিষয়টি তুলে ধরে বলেন, তাদের নোটিশের মূল উদ্দেশ্য ছিল গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা। তিনি অভিযোগ করেন, সরকারি দল ও বিরোধী দলের সমান সদস্য নিয়ে একটি কার্যকর বিশেষ কমিটি গঠনের যে প্রস্তাব দেওয়া হয়েছিল, তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তিনি মনে করেন—গণভোটের রায় বাস্তবায়নে এ ধরনের কমিটি সংকট নিরসনে বড় ভূমিকা রাখতে পারত।

স্পিকার জবাবে বলেন, বিরোধী দলের প্রস্তাব গুরুতর গুরুত্ব দিয়েই বিবেচনা করা হয়েছে। সংসদীয় ইতিহাসে খুব কম ক্ষেত্রেই মুলতবি প্রস্তাব গ্রহণ করা হয়, তবুও আলোচনার স্বার্থে তা গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও আলোচনার সুযোগ থাকবে বলে আশ্বাস দেন তিনি।

কিন্তু বিরোধীদলীয় নেতা জানান, তাদের মূল নোটিশকে আড়াল করতে আরেকটি নোটিশ সামনে আনা হয়েছে—যা জনগণের রায়ের প্রতি অবমাননা। তিনি বলেন, “প্রতিকার পেলাম না—এটা শুধু আমাদের নয়, দেশবাসীর রায়কেও মূল্যায়ন করা হলো না। আমরা বিরোধী দলে বসে এই অবমূল্যায়ন মেনে নিতে পারি না।” এরপর তিনি দলের সব সদস্য নিয়ে ওয়াকআউটের ঘোষণা দেন।

ওয়াকআউটের সময় স্পিকার বলেন, ওয়াকআউট বিরোধী দলের অধিকার হলেও আলোচনার পরবর্তী ধাপে তারা উত্তর পেতে পারতেন। তিনি অপেক্ষা করার অনুরোধ করেন।

বিরোধী দল বের হয়ে যাওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ফ্লোর নিয়ে বলেন, ওয়াকআউট সংসদীয় সংস্কৃতির অংশ হলেও সমস্যার সমাধান আলোচনা ছাড়া সম্ভব নয়। তিনি জানান, বিরোধী দলের নোটিশ ৬৮ বিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়; কারণ আইন প্রণয়নের মাধ্যমে যেসব বিষয় নিষ্পত্তিযোগ্য, সেগুলো নিয়ে মুলতবি প্রস্তাব আনা যায় না। তিনি আরও বলেন, একই বিষয়ে একজন বেসরকারি সদস্য নোটিশ আনলে সেটিও বিবেচনার অধিকার রাখে।