শনিবার । এপ্রিল ৪, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৩ এপ্রিল ২০২৬, ৯:৫৩ পূর্বাহ্ন
শেয়ার

‘দেশ রক্ষায় ৭০ লাখ ইরানি স্বেচ্ছায় যুদ্ধ করতে প্রস্তুত’


galibaf

মোহাম্মদ বাঘের গালিবাফ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলার পর উদ্ভূত পরিস্থিতিতে ইরানজুড়ে এক অভূতপূর্ব জাগরণ তৈরি হয়েছে। দেশ রক্ষায় এবং সম্ভাব্য স্থল যুদ্ধ মোকাবিলায় এ পর্যন্ত প্রায় ৭০ লাখ ইরানি নাগরিক সামরিক বাহিনীতে স্বেচ্ছাসেবী হিসেবে নিজেদের নাম লিখিয়েছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের বরাতে বিবিসি এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে। গালিবাফ জানান, একটি ‘শক্তিশালী জাতীয় প্রচারণা’ লাখ লাখ সাধারণ মানুষকে দেশ রক্ষায় অস্ত্র তুলে নিতে উদ্বুদ্ধ করেছে।

আগ্রাসনবাদী বাহিনীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে স্পিকার বলেন, ‘আগেও আমরা তা করেছি, আবারও করতে প্রস্তুত। আমাদের সীমানায় আঘাত করতে এলে পুরো জাতির মুখোমুখি হতে হবে।’ পশ্চিমা শক্তিকে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, ‘সাহস থাকলে এসে দেখো।’

অন্যদিকে, হোয়াইট হাউস থেকে দেওয়া এক টেলিভিশন ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সামরিক সক্ষমতা বর্তমানে তলানিতে। তার মতে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণের ক্ষমতা নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে। ট্রাম্প আশা প্রকাশ করেন যে, এই যুদ্ধ বড়জোর আর দুই থেকে তিন সপ্তাহ স্থায়ী হতে পারে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে ভয়াবহ বিমান হামলা শুরু করার পর থেকেই মধ্যপ্রাচ্য রণক্ষেত্রে পরিণত হয়েছে। ওই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ এ পর্যন্ত ১ হাজার ৩৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এর জবাবে ইরানও নিয়মিতভাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে।