
সদ্য বরখাস্ত হওয়া মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বনডি || ছবি: এএফপি
যুক্তরাষ্ট্রের প্রশাসনে বড় ধরনের রদবদল অব্যাহত রেখেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার রেশ কাটতে না কাটতেই এবার দেশটির অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে বরখাস্ত করেছেন তিনি।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২ এপ্রিল) এক আকস্মিক ঘোষণায় ট্রাম্প এই সিদ্ধান্ত জানান। মূলত প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টেইন সংক্রান্ত নথি প্রকাশ নিয়ে সৃষ্ট বিতর্ক এবং ট্রাম্পের রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ধীরগতির কারণে তার ওপর এই খড়গ নেমে এসেছে।
প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ আপাতত অস্থায়ীভাবে বিচার বিভাগ পরিচালনা করবেন। উল্লেখ্য, ব্ল্যাঞ্চ এর আগে ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী হিসেবে কাজ করেছেন। পোস্টে বন্ডিকে ‘মহান দেশপ্রেমিক ও বিশ্বস্ত বন্ধু’ হিসেবে সম্বোধন করলেও ট্রাম্পের ঘনিষ্ঠ মহল বলছে, গত কয়েক মাস ধরেই বন্ডির পারফরম্যান্স নিয়ে হোয়াইট হাউসে অসন্তোষ বাড়ছিল।
সূত্রমতে, ট্রাম্প চেয়েছিলেন তার রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে দ্রুত ফৌজদারি মামলা ও বিচার প্রক্রিয়া শুরু হোক, যা করতে বন্ডি যথেষ্ট তৎপর ছিলেন না। এছাড়া জেফরি এপস্টেইনের যৌন পাচার মামলার সংবেদনশীল নথিগুলো প্রকাশে ভুল ব্যবস্থাপনা ও গোপনীয়তা রক্ষার অভিযোগও তার বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়েছে।
নিজের প্রতিক্রিয়ায় পাম বন্ডি জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ঐতিহাসিক প্রচেষ্টার অংশ হতে পারা তার জীবনের বড় সম্মান। তিনি আগামী এক মাস দায়িত্ব হস্তান্তরের কাজ চালিয়ে যাবেন বলে নিশ্চিত করেছেন। অন্যদিকে, নতুন দায়িত্ব পাওয়া টড ব্ল্যাঞ্চ ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে দেশকে নিরাপদ রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।
বিশ্লেষকরা মনে করছেন, বিচার বিভাগের দীর্ঘদিনের স্বাধীনতা ও ঐতিহ্য ভেঙে হোয়াইট হাউসের একনিষ্ঠ সমর্থক হওয়া সত্ত্বেও শেষ রক্ষা হলো না বন্ডির। সেনাপ্রধানের পর শীর্ষ আইন কর্মকর্তার এই বিদায় ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানেরই বহিঃপ্রকাশ।




































