
বাংলাদেশ-চীন ম্যাচের একটি মুহূর্ত। ছবি: বাফুফে
অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের অভিষেক আসরে নিজেদের ভাগ্য বদলাতে পারল না বাংলাদেশ। প্রথম ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডের কাছে ২-০ গোলে এগিয়ে গিয়েও ৩-২ ব্যবধানে হারের ক্ষত নিয়ে আজ চীনের মুখোমুখি হয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তবে এবারও হারের তেতো স্বাদ হজম করতে হয়েছে অর্পিতা-সাগরিকা বাহিনীকে। শক্তিশালী চীনের কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বাংলাদেশ।
আজ (৪ এপ্রিল) ব্যাংককের ননথাবুরি প্রভিন্স স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই শক্তিশালী চীন আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। তবে বাংলাদেশের রক্ষণভাগ এবং গোলরক্ষক মিলি আক্তার প্রতিপক্ষের সামনে অভেদ্য দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন। বিশেষ করে ৪৩ মিনিটে চীনের টানা তিনটি আক্রমণ রুখে দিয়ে বাংলাদেশকে ম্যাচে টিকিয়ে রাখেন মিলি। পাল্টা আক্রমণে গোল আদায়ের সুযোগ পেয়েছিল বাংলাদেশও, তবে দুর্ভাগ্যবশত সাগরিকার জোরালো শট চীনের গোলরক্ষক আটকে দিলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।
বিরতি থেকে ফিরেই খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। ৪৭ মিনিটে রক্ষণভাগের ভুলে প্রথম গোলটি হজম করে লাল-সবুজের দল। গোললাইন থেকে চীনের ইউ শিংইউ বল জালে জড়ান (১-০)। গোল হজম করার পর ম্যাচে ফেরার সর্বাত্মক চেষ্টা চালায় সাগরিকারা। ৭১ মিনিটে গোলরক্ষক মিলি আক্তার চীনের একটি নিশ্চিত হেড রুখে দিয়ে ব্যবধান বাড়তে দেননি। তবে ৮২ মিনিটে আর রক্ষা হয়নি। ওয়াং আইফাংয়ের নিখুঁত ফ্রি-কিক মিলির হাত ছুঁয়ে জালে জড়ালে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে চীন।
টানা দুই হারে এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের অভিষেক আসরের গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ার শঙ্কায় বাংলাদেশ। ‘এ’ গ্রুপের অন্য ম্যাচে যদি থাইল্যান্ড ভিয়েতনামের বিপক্ষে হার এড়িয়ে অন্তত এক পয়েন্ট পায়, তবে আজই বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে যাবে।
তবে গাণিতিক হিসেবে সামান্য আশার আলো এখনও আছে। আগামী ৭ এপ্রিল গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে বড় ব্যবধানে জিতলে এবং অন্যান্য গ্রুপের ফলাফল অনুকূলে থাকলে সেরা দুটি তৃতীয় দলের একটি হয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়ার ক্ষীণ সুযোগ থাকতে পারে বাংলাদেশের সামনে।









































