
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, বিএনপি সংবিধান সংস্কারের বিরোধিতা করে জনগণের রায়কে অস্বীকার করছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ক্ষেত্রেও তারা এখন দ্বিমত পোষণ করছে। শনিবার শেরপুর-৩ আসনের (শ্রীবরদী–ঝিনাইগাতী) নির্বাচনী প্রচার সভায় তিনি এসব কথা বলেন।
ঝিনাইগাতী স্টেডিয়ামে উপজেলা আমীর মাওলানা নূরল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গোলাম পরওয়ার জানান, অতীতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ইচ্ছায় প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারক, পিএসসি, অডিটর জেনারেল, দুদকসহ সাংবিধানিক পদে নিয়োগ দেওয়া হতো। রাজনৈতিক দলগুলোর আলোচনায় সিদ্ধান্ত হয়েছিল—সরকার–বিরোধী দল ও বিভিন্ন পর্যায়ের অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে কমিটি গঠন করে এসব পদে নিয়োগ দেওয়া হবে। কিন্তু বিএনপি এখন এ উদ্যোগেও আপত্তি জানাচ্ছে, যা দলীয় নিয়োগের ইঙ্গিত বহন করে বলে দাবি করেন তিনি।
সভা শেষে হাজারো সমাবেশের সামনে তিনি জামায়াত প্রার্থী মাসুদুর রহমান মাসুদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন এবং তাকে বিজয়ী করার আহ্বান জানান। দুই উপজেলার ১৭টি ইউনিয়ন থেকে নেতা-কর্মী ও সমর্থকরা সমাবেশে অংশ নেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, জেলা জামায়াতের আমির হাফিজুর রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে জামায়াত প্রার্থী নুরুজ্জামানের আকস্মিক মৃত্যুতে এ আসনের ভোট স্থগিত হয়। আগামী ৯ এপ্রিল গণভোট ছাড়া ভোট গ্রহণ হবে। বিএনপি, জামায়াত ও সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) সক্রিয়ভাবে প্রচার চালাচ্ছে।











































