
ফাইল ছবি
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে সৃষ্ট বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল রবিবার (৫ এপ্রিল) থেকে সব অফিস সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে। আজ শনিবার (৪ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস কার্যক্রম চলবে। তবে জরুরি পরিষেবাগুলো এই সময়সূচির আওতামুক্ত থাকবে এবং শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি বলবৎ থাকবে। এর আগে গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই নতুন সময়সূচির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে দাপ্তরিক সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তবে গ্রাহকদের জন্য ব্যাংকিং লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংককে নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া আদালতের সময়সূচি নির্ধারণের বিষয়ে সুপ্রিম কোর্ট এবং শিল্প-কারখানার কর্মঘণ্টা পুনর্নির্ধারণের ক্ষেত্রে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকটের প্রেক্ষাপটে অভ্যন্তরীণ ব্যবহার কমিয়ে আনতেই সরকারের পক্ষ থেকে এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে।





































