বুধবার । এপ্রিল ৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৭ এপ্রিল ২০২৬, ১:২৫ অপরাহ্ন
শেয়ার

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে: জ্বালানিমন্ত্রী


দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ই ইকবাল হাসান মাহমুদ টুকু

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ই ইকবাল হাসান মাহমুদ টুকু।

মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে অসাধু ব্যবসায়ীরা জ্বালানি মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করছে প্রসঙ্গে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে জ্বালানিমন্ত্রীর মনোযোগ আকর্ষণ করলে তিনি এ তথ্য দেন।

জ্বালানিমন্ত্রী বলেন, দেশে বর্তমানে ডিজেল, পেট্রোল, অকটেন আছে ১ লাখ ৯১ হাজার মেট্রিক টনেরও বেশি। যার মধ্যে ডিজেল আছে ১ লাখ ৬৪ হাজার ৬৪৪ মেট্রিক টন। অকটেন আছে ১০ হাজার ৪০০ টন। আর পেট্রোল আছে ১৬ হাজার টন।

এ মাসে আরও দুই লাখ টন জ্বালানি আসছে উল্লেখ করে ইকবাল হাসান মাহমুদ জানান, ৩০ এপ্রিলের মধ্যে ১ লাখ ৩৮ হাজার মেট্রিক টন ডিজেল আসবে। অকটেন আসবে আরও ৭১ হাজার মেট্রিক টন। আর পেট্রোল আসবে ৩৬ হাজার মেট্রিক টন।

এখন পর্যন্ত অবৈধ মজুতদারদের কাছ থেকে ৪০ লাখ ৪৮ হাজার লিটার জ্বালানি উদ্ধার করা হয়েছে বলেও এ সময় তিনি জানান।

তিনি আরও জানান,  জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সম্ভাব্য সব উৎস থেকে জ্বালানি সংগ্রহ করছে। একই সঙ্গে অবৈধ মজুত ও কালোবাজারি রোধে অভিযান অব্যাহত রয়েছে। গত এক মাসে পরিচালিত অভিযানে ৪০ লাখ ৪৮ হাজার ৪৬৫ লিটার তেল উদ্ধার করা হয়েছে।

তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী বলেন, জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে, যা প্রতি মাসে পর্যালোচনা করা হয়। প্রয়োজন হলে কেবিনেট বৈঠকে বিষয়টি আলোচনা করে তেলের দাম বাড়ানো হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে বাংলাদেশই একমাত্র দেশ, যেখানে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।