সোমবার । এপ্রিল ২০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৯ এপ্রিল ২০২৬, ৯:২৩ পূর্বাহ্ন
শেয়ার

উড্ডয়নের ঠিক আগমুহূর্তে যাত্রী অসুস্থ, রানওয়ে থেকে ফিরল বিমানের চেন্নাই ফ্লাইট


Biman

ফাইল ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের ঠিক আগমুহূর্তে একজন যাত্রী হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ায় রানওয়ে থেকে ফিরে এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে এবং যাত্রীর নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিক এই সিদ্ধান্ত নেন বিমানের পাইলট।

বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টা ২০ মিনিটে ঢাকা থেকে চেন্নাইগামী বিজি-৩৬৩ ফ্লাইটে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। পরে অসুস্থ যাত্রীকে নিরাপদে নামিয়ে ফ্লাইটটি প্রায় দুই ঘণ্টা দেরিতে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়।

বিমানবন্দর সূত্র জানায়, নির্ধারিত সময় অনুযায়ী বোয়িং ৭৩৭ উরোজাহাজটি উড্ডয়নের জন্য রানওয়েতে অবস্থান করছিল। ঠিক সেই মুহূর্তে কেবিন ক্রুরা পাইলটকে জানান, এক যাত্রী হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। পরিস্থিতি বিবেচনায় পাইলট উড্ডয়ন বাতিল করে এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) টাওয়ারের সঙ্গে যোগাযোগ করেন।

এটিসি সূত্র জানায়, উড্ডয়নের অনুমতি পাওয়ার পর পাইলট হঠাৎ বার্তা দেন, “একজন যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন, আমি এখন উড্ডয়ন করতে পারবো না। আমাকে বোর্ডিং ব্রিজে ফিরে যেতে হবে।” ওই সময় দুটি সামরিক বিমান অবতরণের অপেক্ষায় থাকায় এটিসি পাইলটকে কয়েক মিনিট অপেক্ষা করার অনুরোধ জানায় এবং কোনো মেডিকেল সাপোর্ট লাগবে কি না তা জানতে চায়।

পাইলট জানান, গ্রাউন্ড সার্ভিসের সঙ্গে সমন্বয় করে মেডিকেল সাপোর্টের প্রস্তুতি রাখা হয়েছে এবং অসুস্থ ওই যাত্রীকে ফ্লাইটে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে।

সামরিক বিমান দুটি অবতরণের পর রানওয়ে খালি হলে ফ্লাইটটি বোর্ডিং ব্রিজে ফিরে যায়। সেখানে অসুস্থ যাত্রীকে নিরাপদে নামিয়ে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়। এরপর সব প্রক্রিয়া শেষে দুপুর ১টা ১০ মিনিটে ফ্লাইটটি চেন্নাইয়ের উদ্দেশ্যে উড্ডয়ন করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের নিরাপত্তা ও স্বাস্থ্যঝুঁকি মোকাবিলাকে তারা সর্বোচ্চ গুরুত্ব দেয়। বিলম্ব হলেও যাত্রীর জীবন বাঁচাতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ায় ফ্লাইটের অন্যান্য যাত্রীরাও পাইলট ও ক্রুদের প্রশংসা করেন। শেষ পর্যন্ত দুপুর ১টা ১০ মিনিটে রওনা হয়ে বিকেল ৩টা ৭ মিনিটে চেন্নাইয়ে নিরাপদে অবতরণ করে ফ্লাইটটি।