শনিবার । এপ্রিল ১১, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১১ এপ্রিল ২০২৬, ৭:৫৫ পূর্বাহ্ন
শেয়ার

শেখ হাসিনা অনুপ্রবেশকারী নাকি শরণার্থী? অমিত শাহকে প্রশ্ন অভিষেকের


ovisekh

তৃণমূলের সংসদ সদস্য অভিষেক ব্যানার্জি | ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রচারণায় ‘অনুপ্রবেশ’ ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে ক্রমাগত আক্রমণ করে চলেছেন বিজেপি নেতারা। এবার সেই আক্রমণের পাল্টা জবাব দিতে গিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কড়া ভাষায় বিদ্ধ করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অভিষেক ব্যানার্জি। মোদি-শাহ সরকারের কাছে তার সরাসরি প্রশ্ন, ‘দিল্লিতে গত দেড় বছর ধরে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্ট্যাটাস কী? তিনি কি অনুপ্রবেশকারী নাকি শরণার্থী?’

শুক্রবার (১০ এপ্রিল) কলকাতায় এক সংবাদ সম্মেলনে অমিত শাহ ঘোষণা করেন, বিজেপি ক্ষমতায় এলে এ রাজ্যে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে এবং তাদের দেশ থেকে বিতাড়িত করা হবে। তার এই বক্তব্যের কয়েক ঘণ্টা পরেই পাল্টা সংবাদ সম্মেলন করেন অভিষেক ব্যানার্জি। সেখানে তিনি বলেন, ‘বিজেপি গত ১০ বছর ধরে অনুপ্রবেশের পুরোনো ক্যাসেট বাজিয়ে আসছে। তারা যদি অনুপ্রবেশ আটকাতেই চায়, তবে কাশ্মীরের পেহেলগাওঁয়ে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে কেন ব্যর্থ হলো? কেন সেখানে ২৬ জন ভারতীয় প্রাণ হারালেন? দিল্লির লালকেল্লায় বিস্ফোরণের দায়ই বা কার?’

অভিষেক আরও বলেন, ‘অমিত শাহ স্বীকার করেছেন বিজেপি ক্ষমতায় এলে বাংলা দিল্লি ও গুজরাট থেকে পরিচালিত হবে। তারা বাংলাকে বাংলাদেশের দৃষ্টিভঙ্গিতে দেখেন বলেই এমন মন্তব্য করেন।’ এরপরই তিনি শেখ হাসিনার প্রসঙ্গ টেনে প্রশ্ন তোলেন, ‘বাংলাকে যদি বাংলাদেশ পরিচালিত করে তবে দিল্লিতে শেখ হাসিনা কী করছেন? কোন শিল্পপতিকে বাঁচানোর জন্য তাকে দেড় বছর ধরে আশ্রয় দেওয়া হয়েছে? কেন্দ্র এটা স্পষ্ট করুক।’

বাংলাদেশে হিন্দু সাধু-সন্ত ও চিন্ময় কৃষ্ণ প্রভুর ওপর অত্যাচারের সময় মোদি সরকার কেন কোনো ইতিবাচক পদক্ষেপ নিতে পারেনি, সেই প্রশ্নও তোলেন এই তৃণমূল নেতা। একই সঙ্গে বিজেপি-শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের ওপর নির্যাতনের অভিযোগ এনে তিনি বলেন, ‘আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রকাশ্যে বাঙালিদের গ্রেপ্তারের হুমকি দিলেও কেন্দ্র কোনো ব্যবস্থা নেয়নি। বিজেপি-শাসিত রাজ্যগুলোতে বাংলায় কথা বললে বা নিজের পছন্দের খাবার খেলেও বাঙালিদের ওপর অত্যাচার চালানো হয়।’

নির্বাচনের প্রাক্কালে অভিষেকের এই ‘হাসিনা কার্ড’ এবং অনুপ্রবেশ ইস্যু নিয়ে পাল্টা আক্রমণ পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি করেছে। কেন্দ্র বা বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে এখনো এই প্রশ্নের কোনো সুনির্দিষ্ট জবাব পাওয়া যায়নি।