শনিবার । এপ্রিল ১১, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১১ এপ্রিল ২০২৬, ৯:৪৭ অপরাহ্ন
শেয়ার

ইতিবাচক পরিবেশে যুক্তরাষ্ট্র-ইরানের প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত


Sherena-hotel

ইসলামাবাদের সেরেনা হোটেলে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফার আলোচনা শেষ হয়েছে। প্রায় আড়াই ঘণ্টার এই বৈঠক শনিবার (১১ এপ্রিল) ইসলামাবাদে অনুষ্ঠিত হয়, যেখানে পাকিস্তানি মধ্যস্থতাকারীরাও উপস্থিত ছিলেন।

পাকিস্তানের সরকারি সূত্র জানিয়েছে, ইসলামাবাদের সেরেনা হোটেলে এই যুদ্ধবিরতি আলোচনা ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে দুই দেশের প্রতিনিধিরা পাকিস্তানের আমন্ত্রণে নৈশভোজে অংশ নিচ্ছেন।

সূত্র মতে, সংক্ষিপ্ত বিরতির পর রোববার সকালেই আবার এই ত্রিপক্ষীয় আলোচনা শুরু হতে পারে। যদিও সুনির্দিষ্ট সময় এখনও নিশ্চিত নয়।

আল জাজিরা জানিয়েছে, বৈঠকটি রুদ্ধদ্বারেই হয়েছে এবং ধীরে ধীরে তথ্য সামনে আসছে। সরাসরি আলোচনা প্রায় আড়াই ঘণ্টা চলে, এরপর বিরতি দেওয়া হয়।

প্রথমে পরোক্ষ আলোচনার কথা থাকলেও পাকিস্তানি কর্মকর্তাদের উপস্থিতিতে সরাসরি বৈঠক শুরু হওয়াকে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। আলোচনায় লেবানন পরিস্থিতি নিয়েও কিছু অগ্রগতির ইঙ্গিত পাওয়া গেছে। সূত্র বলছে, ইসরায়েলের অভিযান লেবাননের দক্ষিণে সীমিত থাকতে পারে এবং বৈরুতে নতুন হামলার সম্ভাবনা কম।

ইরানি সূত্রগুলো আরও দাবি করেছে, দেশটির স্থগিত সম্পদ ছাড়ের বিষয়েও ইতিবাচক পরিবর্তনের আভাস মিলছে। তবে পুরো প্রক্রিয়াটি এখনো প্রাথমিক পর্যায়ে থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত জানতে অপেক্ষা করতে হবে।

এদিকে, হরমুজ প্রণালি নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, কোনো মার্কিন জাহাজ এখনো প্রণালি অতিক্রম করেনি।

এর আগে মার্কিন গণমাধ্যমে দাবি করা হয়, কয়েকটি মার্কিন জাহাজ হরমুজ অতিক্রম করেছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সেখানে মাইন অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। তবে ইরানের এই বক্তব্যে বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই ঘোষণা দিয়েছিলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে আলোচনার ভিত্তিতে ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত রাখা হয়েছে।

এই প্রেক্ষাপটে শেহবাজ শরীফ জানান, ইরান ও যুক্তরাষ্ট্র তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। জানা গেছে, আলোচনায় ইরানের দেওয়া ১০ দফা প্রস্তাবকে কেন্দ্র করেই প্রাথমিক আলোচনা এগোচ্ছে।

সূত্র: আল–জাজিরা