রবিবার । এপ্রিল ১২, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ১১ এপ্রিল ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শেয়ার

হরমুজ প্রণালিতে মাইন অপসারণ শুরু করেছে ২ মার্কিন যুদ্ধজাহাজ


US Navy ship

ইউএসএস ফ্র্যাঙ্ক ই. পিটারসন এবং ইউএসএস মাইকেল মারফি হরমুজ প্রণালি অতিক্রম করে আরব উপসাগরে প্রবেশ করেছে

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালিতে পেতে রাখা সমুদ্র মাইন অপসারণের কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। যুদ্ধবিরতি কার্যকর হলেও গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে এখনো অনেক জাহাজ চলাচল করতে পারছে না।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) শনিবার এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানায়, ইউএসএস ফ্র্যাঙ্ক ই. পিটারসন এবং ইউএসএস মাইকেল মারফি হরমুজ প্রণালি অতিক্রম করে আরব উপসাগরে প্রবেশ করেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) আগে যে সমুদ্র মাইন স্থাপন করেছিল, সেগুলো অপসারণ করে প্রণালিটিকে নিরাপদ করার বৃহত্তর মিশনের অংশ হিসেবেই এই অভিযান চলছে।

সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, ‘আজ আমরা একটি নতুন নিরাপদ নৌপথ তৈরির প্রক্রিয়া শুরু করেছি এবং খুব শিগগিরই সামুদ্রিক পরিবহন খাতের সঙ্গে এই নিরাপদ পথের তথ্য শেয়ার করা হবে, যাতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক হয়।’

তবে মাইন অপসারণের উদ্যোগ নেওয়া হলেও হুমকি পুরোপুরি কাটেনি। ইরান এখনো ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে বলে আশঙ্কা রয়েছে। মাইন ও সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার সমন্বিত ঝুঁকি যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের জন্য জাহাজ রক্ষা করা বা প্রণালির নিরাপত্তা নিশ্চিত করা কঠিন করে তুলেছে।

এর আগে শনিবার ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশের সুবিধার জন্য যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি পরিষ্কার করার প্রক্রিয়া শুরু করছে।’

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত মাত্র প্রায় ৩০টি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পেরেছে।