
দেশজুড়ে সমাদৃত মানবিক চিকিৎসক অধ্যাপক ডা. কামরুল ইসলামের হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় সাবেক যুবদল নেতা মঈন উদ্দিনের চার সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (১২ এপ্রিল) দিবাগত রাতে তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আক্কাস আলী বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. ফালান মিয়া (৪২), মো. রুবেল (৪২), মো. সুমন (৩৬) ও মো. লিটন মিয়া (৩৮)।

পুলিশ জানায়, রাজধানীর শ্যামলীর সিকেডি হাসপাতালে চাঁদাবাজির ঘটনায় মঈন উদ্দিনকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও ৭-৮ জনের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় র্যাব-২ ও র্যাব-৪ যৌথ অভিযানে চার সহযোগীকে গ্রেপ্তার করে পরে থানায় হস্তান্তর করেছে।
এদিকে, মামলার মূল আসামি মঈন উদ্দিনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত ১১ এপ্রিল হাসপাতালের ওটি ইনচার্জ আবু হানিফ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
উল্লেখ্য, গত শুক্রবার সকালে অধ্যাপক ডা. কামরুল ইসলামের সিকেডি হাসপাতালে চাঁদাবাজি ও মব সৃষ্টির ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট রাজনৈতিক নেতাকর্মীরা তৎপর হয়ে ওঠেন।
পরবর্তীতে কেন্দ্রীয় যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হাসপাতালে গিয়ে চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ করেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।









































