মঙ্গলবার । এপ্রিল ১৪, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ১৩ এপ্রিল ২০২৬, ১:২১ অপরাহ্ন
শেয়ার

১৬ বছর পর হাঙ্গেরির ক্ষমতায় নতুন নেতা


peter

বিরোধী নেতা পিটার মাগিয়ারের দল বিশাল ব্যবধানে জয় পেয়েছে

হাঙ্গেরির দীর্ঘদিনের প্রধানমন্ত্রী ভিক্টর অরবান পার্লামেন্ট নির্বাচনে পরাজয় স্বীকার করেছেন। আংশিক সরকারি ফলাফলে দেখা গেছে, বিরোধী নেতা পিটার মাগিয়ারের দল বিশাল ব্যবধানে জয় পেয়েছে।

রোববার ফলাফল প্রকাশের সময় মাগিয়ার সামাজিক মাধ্যমে জানান, প্রধানমন্ত্রী ভিক্টর অরবান আমাকে ফোন করে আমাদের বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন।

৯৭.৩৫ শতাংশ ভোট গণনা শেষে দেখা যায়, মাগিয়ারের মধ্য-ডানপন্থী দল তিসজা পার্টি ১৯৯ আসনের সংসদে ১৩৮টি আসন পেয়েছে, যা মোট ভোটের ৫৩.৬ শতাংশ। অন্যদিকে অরবানের জাতীয়তাবাদী দল ফিডসজ পেয়েছে ৫৫টি আসন, ভোটের হার ৩৭.৮ শতাংশ।

রাজধানী বুদাপেস্টের দানিয়ুব নদীর তীরে হাজারো সমর্থকের সামনে দেওয়া বিজয় ভাষণে মাগিয়ার বলেন, ভোটাররা ইতিহাস বদলে দিয়েছেন।

মাগিয়ার দাবি করেন, এই ফলাফল একটি ঐতিহাসিক ম্যান্ডেট এবং তার দল সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। তিনি সব হাঙ্গেরীয়কে ঐক্যবদ্ধ করার অঙ্গীকার করেন।

অন্যদিকে অরবান তার সমর্থকদের উদ্দেশে বলেন, তিনি বিজয়ী দলকে অভিনন্দন জানিয়েছেন এবং ফলাফল কষ্টদায়ক হলেও স্পষ্ট।

তিনি বলেন, শাসনের দায়িত্ব আমাদের দেওয়া হয়নি। তবে আমরা বিরোধী দল হিসেবেও হাঙ্গেরির জনগণ ও দেশের সেবা করে যাব।

বিশ্লেষকদের মতে, মাগিয়ারের দলের সম্ভাব্য দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে তারা সংবিধান সংশোধন করতে পারবে।

এটি হাঙ্গেরির জন্য বড় পরিবর্তন, কারণ গত ১৬ বছর ধরে আরবানের দল সংসদে শক্তিশালী সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখে তাকে প্রায় নির্বিঘ্নে শাসন করতে সাহায্য করেছে। এখন সেই চিত্র পুরোপুরি বদলে যাচ্ছে।