
ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জানিয়েছেন, দেশের ক্রীড়াঙ্গন উন্নয়ন ও নতুন প্রতিভা খুঁজে বের করতে ৬৪ জেলাতেই “স্পোর্টস ভিলেজ” গড়ে তোলা হবে। তিনি বলেন, তরুণদের সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই।
সোমবার বগুড়া জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, সরকার দেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়ন ও খেলোয়াড় তৈরিতে সমান গুরুত্ব দিচ্ছে এবং অতীতের দুর্নীতি ও অনিয়ম বরদাশত করা হবে না।

তিনি আরও বলেন, শহীদ চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করে দ্রুত খেলা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আইসিসির অনুমতি সাপেক্ষে এখানে আবার আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের পরিকল্পনাও রয়েছে।
এছাড়া, আগামী জুলাইয়ে এই স্টেডিয়ামে প্রমিলা বিপিএল আয়োজনের পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী।











































