বুধবার । এপ্রিল ১৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ১৫ এপ্রিল ২০২৬, ৭:৪৭ অপরাহ্ন
শেয়ার

বনানীতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট


bonani-fire

ছবি: ফায়ার সার্ভিসের সৌজন্যে

রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনের ওপরের তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনানীর ১২ নম্বর রোডের একটি ভবনে এই আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই বহুতল ভবনের ১১ তলায় একটি কাপড়ের গুদাম (ওয়্যারহাউস) রয়েছে। ধারণা করা হচ্ছে, সেই গুদাম থেকেই আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, খবর পাওয়ার পরপরই দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো পাঠানো হয়েছে। বর্তমানে পাঁচটি ইউনিট আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভবনের ভেতরে আটকে পড়া ব্যক্তিদের দ্রুত বের করে আনতে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছেন। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ভবনের অবস্থান ও ভেতরে থাকা দাহ্য পদার্থের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে কর্মীদের।

বনানী এলাকার বহুতল ভবনগুলোতে এর আগেও বেশ কয়েকবার বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ নিয়ে ভবনগুলোর অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে জনমনে।