
গরমে হাঁসফাঁস করা জনজীবনে কিছুটা স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের কয়েকটি অঞ্চলে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকলেও আজ বৃহস্পতিবার থেকে তা ধীরে ধীরে কমতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় লঘুচাপের প্রভাবে সিলেটসহ রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রামের কিছু জায়গায় দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির দেখা মিলতে পারে। অন্যদিকে দেশের বেশিরভাগ এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

বর্তমানে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আজও থাকতে পারে। তবে আজ থেকে তা প্রশমিত হওয়ার আভাস রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, যদিও বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সিলেটে ২০ ডিগ্রি রেকর্ড করা হয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে, বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে। কোথাও কোথাও কালবৈশাখী ও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে, যা তাপমাত্রা কিছুটা কমাতে সহায়তা করবে। তবে শুক্রবারের পর আবার তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।






































