
ফাইল ছবি
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দফায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে বৈঠক শেষে এ কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি জানান, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ১১ দলীয় ঐক্যের দ্বিতীয় দফার কর্মসূচি চলবে।
কর্মসূচির বিস্তারিত জানিয়ে গোলাম পরওয়ার বলেন, আগামী ১৮ এপ্রিল রাজধানী ঢাকায় গণমিছিল অনুষ্ঠিত হবে। ২৫ এপ্রিল সব বিভাগীয় শহরে গণমিছিল এবং ২ মে প্রতিটি জেলা শহরে গণমিছিল করা হবে। ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত সারা দেশে সেমিনারের আয়োজন করা হবে বলে জানান তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতীয় নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের মানুষ যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন পূরণ হয়নি। দেশের মানুষের গণরায় বর্তমান সরকার উপেক্ষা করে দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে৷ জনগণের পক্ষে হওয়া আন্দোলন দমনে সরকার যে হুমকি দিচ্ছে তা ফ্যাসিবাদী ও অসাংবিধানিক আচরণ। আন্দোলন দমনে পতিত সরকারের মতো আচরণ করলে পরিণতিও তাদের মতোই হবে৷
তেল সংকট, হাম সংক্রমণ পরিস্থিতি সামাল দিতে সরকার ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি।
প্রশাসনে ফ্যাসিবাদী কায়দায় নির্লজ্জভাবে দলীয়করণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন পরওয়ার।










































