বৃহস্পতিবার । এপ্রিল ১৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৬ এপ্রিল ২০২৬, ৮:১১ অপরাহ্ন
শেয়ার

বীরত্বপূর্ণ ত্যাগের স্বীকৃতি

মাহেরীন চৌধুরী পেলেন মরণোত্তর স্বাধীনতা পুরস্কার


Maherin-Chowdhury

শিক্ষিকা মাহেরীন চৌধুরী। ছবি: সংগৃহীত

সমাজসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষিকা মাহেরীন চৌধুরীকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান করা হয়েছে। তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন তার স্বামী মনসুর হেলাল।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানের হাতে এই সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা তুলে দেন।

২০২৫ সালের জুলাইয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্লাস চলাকালে একটি প্রশিক্ষণ বিমান ভবনে আছড়ে পড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। সে সময় নিজের জীবন বিপন্ন করে শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে গিয়ে গুরুতর দগ্ধ হন মাহেরীন চৌধুরী। পরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ি চৌধুরীপাড়ার এই কৃতি সন্তানকে তার অসামান্য ত্যাগ ও মানবিকতার জন্য সমাজসেবা খাতে এ সম্মাননা দেওয়া হয়।

এবারের স্বাধীনতা পুরস্কারের তালিকায় আরও একটি উল্লেখযোগ্য নাম হলো সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, যিনি স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ মরণোত্তর এই সম্মাননা পেয়েছেন।

এছাড়া বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আরও অনেকে পুরস্কৃত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন মুক্তিযুদ্ধ, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি, ক্রীড়া, সমাজসেবা, জনপ্রশাসন, গবেষণা ও পরিবেশ সংরক্ষণে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিরা। পাশাপাশি পাঁচটি প্রতিষ্ঠানকেও তাদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়েছে।