
সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও চিন্ময় কৃষ্ণ দাস
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে আটক রাখার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, কী অভিযোগে তাকে এভাবে আটক রাখা হয়েছে, তা খতিয়ে দেখে দ্রুত মুক্তির বিষয়ে যথাযথ জায়গায় কথা বলবেন।
শুক্রবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত ‘মহানগর পরিবার দিবস-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে মহানগর সার্বজনীন পূজা কমিটি।
সংস্কৃতিমন্ত্রী বলেন, বাংলাদেশে পাহাড়ি জনগোষ্ঠী, সমতলের বিভিন্ন জাতিগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও নানা সম্প্রদায়ের মানুষ বসবাস করে। তাদের সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে সংস্কৃতি মন্ত্রণালয় কাজ করছে এবং প্রয়োজনীয় অনুসন্ধান চালাচ্ছে।

তিনি আরও বলেন, ঢাকেশ্বরী মন্দিরকে প্রত্নতাত্ত্বিক গুরুত্বসম্পন্ন স্থাপনার তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত বলে তিনি মনে করেন।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন দেশে কোনো ধরনের বৈষম্য থাকবে না। রাজনৈতিক মতাদর্শ, ধর্ম ও সংস্কৃতির ভিন্নতা থাকলেও বৈচিত্র্যের মধ্যেই ঐক্য প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য।
অনুষ্ঠানে মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেবের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য মো. হামিদুর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মাসহ অনেকে।






































