মঙ্গলবার । মে ১৯, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১৯ মে ২০২৬, ৪:৫১ অপরাহ্ন
শেয়ার

বর্ষসেরা ক্রীড়াবিদের তালিকায় হামজা-ঋতুপর্ণা-আমিরুল


best player

ফুটবলার হামজা চৌধুরী ও ঋতুপর্ণা চাকমা এবং হকি বিশ্বকাপে রেকর্ড গড়া আমিরুল

দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম আকর্ষণীয় এবং ঐতিহ্যবাহী আসর ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৫’ এর কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এবারের আসরে বছরের সেরা ক্রীড়াবিদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন দুই ফুটবলার হামজা চৌধুরী ও ঋতুপর্ণা চাকমা এবং হকি বিশ্বকাপে রেকর্ড গড়া আমিরুল ইসলাম।

একই সাথে ক্রীড়াপ্রেমীদের সরাসরি ভোটে নির্বাচিত ‘পপুলার চয়েজ অ্যাওয়ার্ড ২০২৫’ এর সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেয়েছেন ফুটবলার হামজা চৌধুরী, নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা, ক্রিকেটার তানজিদ হাসান তামিম এবং হকি তারকা আমিরুল ইসলাম।

এই দুই হাই-ভোল্টেজ বিভাগের চূড়ান্ত বিজয়ীর নাম বর্ণাঢ্য অনুষ্ঠানের দিন সরাসরি মঞ্চে ঘোষণা করা হবে। আজ সোমবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ-বাংলা ব্যাংক মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মনোনীতদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান রাজিব। এ সময় স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের জিএম মার্কেটিং ড. জেসমিন জামান, বিএসপিএ সাধারণ সম্পাদক ও খেলোয়াড় বাছাই কমিটির চেয়ারম্যান সুদীপ্ত আহমদ এবং বিদায়ী সাধারণ সম্পাদক মো. সামন হোসেন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) ১৯৬৪ সালে দেশে প্রথম ক্রীড়াক্ষেত্রে পুরস্কারের প্রবর্তন করে। এরই ধারাবাহিকতায় আগামী ২২ মে ২০২৬, শুক্রবার বিকেল ৩টায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে বসতে যাচ্ছে এই মেগা আসর। এবারের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

দেশের স্বনামধন্য কর্পোরেট প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড এবার নিয়ে টানা ১১ বারের মতো এই জমকালো আয়োজনের মূল পৃষ্ঠপোষকতা করছে। এ বছর মোট ১৫টি বিভাগে সর্বমোট ১৪ জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং সংস্থাকে ট্রফির পাশাপাশি বিশেষ অর্থ পুরস্কারেও ভূষিত করা হবে।

সংবাদ সম্মেলনে বিভিন্ন ডিসিপ্লিনে নিজেদের সেরা প্রমাণ করা তারকাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়। এবারের আসরে বর্ষসেরা ফুটবলের মুকুট যৌথভাবে উঠছে হামজা চৌধুরী ও ঋতুপর্ণা চাকমার মাথায়। ক্রিকেটে বল হাতে মাঠ কাঁপানো রিশাদ হোসেন নির্বাচিত হয়েছেন বর্ষসেরা ক্রিকেটার। হকিতে দেশের মুখ উজ্জ্বল করা আমিরুল ইসলাম হয়েছেন বর্ষসেরা হকি খেলোয়াড়। আর্চারিতে আব্দুর রহমান আলিফ, টেবিল টেনিসে খই খই সাই মারমা এবং ব্যাডমিন্টনে আল আমিন জুমার নিজ নিজ খেলায় বছরের সেরা নির্বাচিত হয়েছেন।

তরুণদের মধ্য থেকে উদীয়মান ক্রীড়াবিদ হিসেবে পুরস্কৃত হচ্ছেন ক্রিকেটার রিপন মন্ডল। এছাড়া নারী ফুটবল দলের পিটার বাটলার বর্ষসেরা কোচ, সেলিম লাকী সেরা আম্পায়ার এবং কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল সেরা সংগঠকের স্বীকৃতি পাচ্ছেন। তৃণমূল পর্যায় থেকে তুলে আনা ব্যক্তিত্ব হিসেবে সম্মাননা পাচ্ছেন ক্রিকেট কোচ আলমগীর কবীর এবং বিশেষ সম্মাননায় ভূষিত হচ্ছেন শাহনাজ পারভীন মালেকা।

প্রাতিষ্ঠানিক ক্যাটাগরিতে সেরা পৃষ্ঠপোষকের পুরস্কার লুফে নিয়েছে প্রাইম ব্যাংক পিএলসি এবং বছরের সবচেয়ে সক্রিয় ফেডারেশন হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। মাঠের লড়াইয়ের পাশাপাশি সেরাদের সেরা বেছে নেওয়ার এই মহোৎসবের দিকেই এখন তাকিয়ে আছে পুরো দেশের ক্রীড়াপ্রেমীরা।