বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার গুলশানের নিজ কার্যালয় থেকে বের হওয়ার জন্য গাড়িতে উঠেছেন। সোমবার বিকেল পৌনে ৪টার দিকে গাড়িতে ওঠেন তিনি। তার কার্যালয়ের ফটকে তালা লাগিয়ে রেখেছে পুলিশ।
খালেদা জিয়া যে গাড়িতে উঠেছেন তাতে কালো পতাকা রয়েছে। কার্যালয়ের ভেতরে অবস্থানরত নেতাকর্মীরা ফটক খুলে দেওয়ার দাবিতে কালো পতাকা হাতে স্লোগান দিচ্ছে। বিকেল ৪টার দিকে তাদের ওপর পিপার (মরিচের গুঁড়া) স্প্রে করে পুলিশ।
এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গাড়িতে বসার কিছু সময় পর এক বিএনপি নেতা সাংবাদিকদের জানান, আজ ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস পালন উপলক্ষে খালেদা জিয়া বেলা ১২টার দিকেও একবার বের হওয়ার চেষ্টা করেছিলেন।
গতকাল রোববার গুলশান কার্যালয়ে খালেদা জিয়া বলেন, ‘আমি এই অবৈধ সরকারের কোনো আদেশ মানি না। আমি কাল বেরুব, আমি রাস্তায় নামব।”












































