মুস্তাফিজ ভারতীয় ব্যাটসম্যানদের কাছে এখন আতঙ্কের নাম। মজার বিষয় স্বাগতিক দলের এ বাঁহাতি পেসারের বল মোকাবেলা করতে ভীষণ অসুবিধার সম্মুখীন হচ্ছেন বাংলাদেশ দলের ক্রিকেটার নাসির-সাব্বিররাও।
মঙ্গলবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মুস্তাফিজের বল মোকাবেলা করতে অসুবিধার কথা জানান নাসির হোসেন।
পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি২০ ম্যাচ খেলার পুঁজি নিয়ে রীতিমতো মহেন্দ্র সিং ধোনির বিপক্ষে আতঙ্ক হয়ে দাঁড়িয়ে গেছেন মুস্তাফিজুর রহমান। এরই মধ্যে দুই ম্যাচে বাংলাদেশ দলের এ বাঁহাতি পেসার তুলে নিয়েছেন ১১টি উইকেট। ভারতের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জয়ের পিছনে ৮০ শতাংশ অবদান রয়েছে মুস্তাফিজের- বলে জানান স্বাগতিক দলের স্পিন অলরাউন্ডার নাসির হোসেন।
মুস্তাফিজুরের জগৎটা যে এতটা পাল্টে যাবে- সপ্তাহ খানেক আগেও তেমনটি ভাবতে পারেনি বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। তবে বাঁহাতি পেসারের ওপর দারুন আস্থা ছিল বাংলাদেশ দলের নির্বাচকদের। তাই ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ১৪ সদস্যের দলে তাকে রেখেছিলেন তারা। তবে দুই ম্যাচে ১১টি উইকেট নিয়ে মাটিতেই পা রইল মুস্তাফিজের।
এ বিষয়ে নাসির হোসেন বলেন, ‘দুটি ম্যাচের ৮০ ভাগ আমাদের হাতে এনে দিয়েছে মুস্তাফিজ। তবে এটা নিয়ে তার বিশেষ কোনো ভাবনা নেই। সে হয়তো এখনও সেভাবে বুঝেও উঠতে পারেনি যে, সে কী করেছে। প্রথম দুইটা ম্যাচে সে যেভাবে বোলিং করেছে। আশা করি তৃতীয় ম্যাচেও সে একইভাবে বোলিং করবে।’
ভারতীয় ব্যাটসম্যানদের যেভাবে স্লোয়ার আর অফকাটারে একের পর বিভ্রান্ত করে চলেছেন, তেমনি প্রাকটিস সেশনেও বাংলাদেশি ব্যাটসম্যানদের বিপদে ফেলেন মুস্তাফিজ বলে জানান নাসির। এ বিষয়ে তিনি বলেন, ‘আসলে মুস্তাফিজ সব সময় একটু চুপচাপ থাকে। নেটে ওর বল খেলতে প্রায়ই আমাদের সমস্যা হয়। নেটে সে যখন বল করতে আসে, আমরা ওকে মাঝে মাঝে দুষ্টুমি করে বলি যে, আমি যখন ব্যাটিং করবো তখন কাটার মারবি না। এর বেশি কিছু ওর (মুস্তাফিজ) বিষয়ে আসলে বলার নেই।’






































