সিউল, ১ এপ্রিল ২০১৪:
কৃষি, মত্স্যসহ বেশ কয়েকটি খাতে মালয়েশিয়া তিন লাখ শ্রমিক নিতে চায়। গতকাল সোমবার শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে বৈঠকে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ড. আহমেদ জাহিদ হামিদি এ আগ্রহের কথা জানান।
পরিকল্পনামন্ত্রী বৈঠকে মালয়েশিয়ার বিনিয়োগ বৃদ্ধিরও আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশে মাত্র কয়েকটি প্রকল্পে মালয়েশিয়ার বিনিয়োগ রয়েছে। ভোজ্যতেলসহ খাদ্যশস্যভিত্তিক শিল্পে দেশটি সহজেই বিনিয়োগ করতে পারে।
বিনিয়োগ কী উপায়ে হতে পারে— মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, এটা সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে হতে পারে। এক্ষেত্রে সরকার কোনো রকম হস্তক্ষেপ করবে না; বরং সহায়ক ভূমিকা পালন করবে। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীকে সরকারি বিনিয়োগের আওতায় একটি রিফাইনারি স্থাপনেরও আহ্বান জানান তিনি।
বাংলাদেশ থেকে আরো বেশি জনশক্তি আমদানির আহ্বান জানিয়ে আ হ ম মুস্তফা কামাল বলেন, মালয়েশিয়ায় প্রচুর পতিত জমি রয়েছে, যেখানে কৃষি কাজের জন্য বাংলাদেশ থেকে কৃষি শ্রম আমদানি করতে পারে। এর উত্তরে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তার সরকার বাংলাদেশ থেকে তিন লাখেরও বেশি জনশক্তি আমদানি করতে আগ্রহী।
বর্তমানে বাংলাদেশ থেকে জনশক্তি আমদানি যাতে আরো বেগমান হয়, তার জন্য মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে উপায়ে এখন জনশক্তি আমদানি করা হচ্ছে, তাতে গতিশীলতা আনতে অন্য কোনো উপায় আছে কিনা, তা তারা ভেবে দেখে বাংলাদেশকে প্রস্তাব দেয়া হবে। এক্ষেত্রে যে প্রক্রিয়ায় সিঙ্গাপুর জনশক্তি আমদানি করে, তা মালয়েশিয়াও অনুসরণ করতে পারে।
বৈঠকে মালয়েশিয়ার হাইকমিশনার নরলিন বিনতি ওথম্যান ও পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য ড. শামসুল আলম উপস্থিত ছিলেন। সূত্রঃ বণিকবার্তা।





































