সন্তান দত্তক নিতে ইচ্ছে প্রকাশ করলেন নন্দিত অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি কলকাতায় তার নতুন ছবি ‘ডিয়ার মা’-এর প্রচারণা অনুষ্ঠানে এই ইচ্ছার কথা জানান তিনি। বাস্তব জীবনে মা হতে চান জয়া, তবে গর্ভধারণের মাধ্যমে নয়—দত্তক নেওয়ার মাধ্যমেই।
জয়া বলেন, “আমি সন্তান দত্তকে বিশ্বাস করি। এমনকি চেষ্টা করেছি যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে একটি শিশু দত্তক নিতে।” তিনি জানান, তার বোনের সঙ্গে মিলে দত্তক নেওয়ার পরিকল্পনাও করেছিলেন। তবে এখনো কিছু আইনি ও প্রক্রাগত জটিলতায় সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি।
এই প্রসঙ্গে তিনি বলেন, “যুদ্ধবিধ্বস্ত এলাকার শিশুদের দত্তক নিতে হলে নানা নিয়মকানুন মানতে হয়। অনেক জটিলতা থাকে।”
সন্তান দত্তক নেওয়া নিয়ে দম্পতিদের উদ্দেশে পরামর্শও দেন এই জনপ্রিয় অভিনেত্রী। জয়া বলেন, “যাদের একটি সন্তান আছে, তারা চাইলে দ্বিতীয় বা তৃতীয় সন্তান হিসেবে কাউকে দত্তক নিতে পারেন। এতে অনাথ শিশুটিও একটি পরিবার পাবে।”
এদিকে, ‘ডিয়ার মা’ সিনেমায় জয়া আহসান একজন মায়ের ভূমিকায় অভিনয় করেছেন, যিনি একজন দত্তকসন্তানকে বড় করে তোলেন। সিনেমায় তাদের সম্পর্কের আবেগপূর্ণ রসায়ন ইতোমধ্যেই দর্শকের প্রশংসা কুড়াচ্ছে। চরিত্রটি নিজের সঙ্গে মেলাতে গিয়ে জয়া বলেন, “আমি নিজেও খুব সংবেদনশীল মানুষ। মা হওয়ার ইচ্ছা আমার বহুদিনের। তাই এই চরিত্রের সঙ্গে নিজেকে মেলাতে সুবিধা হয়েছে।







































