মঙ্গলবার । মার্চ ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ৪ জুলাই ২০২৫, ১২:০১ অপরাহ্ন
শেয়ার

প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া


 

প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া

আফগানিস্তানের তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে রাশিয়া। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বিশ্বে প্রথমবারের মতো কোনো দেশ তালেবান সরকারকে স্বীকৃতি দিল। আফগানিস্তানে নিযুক্ত তালেবান সরকারের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করে মস্কো এই স্বীকৃতি দেয়। খবর আল জাজিরার।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, আমরা বিশ্বাস করি, আফগানিস্তানের সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার মাধ্যমে আমাদের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে কার্যকর দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার হবে।

তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি কাবুলে রুশ রাষ্ট্রদূত দিমিত্রি ঝিরনোভের সঙ্গে এক বৈঠকে এই স্বীকৃতির বিষয়টি নিশ্চিত করেন। এক ভিডিও বার্তায় মুত্তাকি বলেন, এই সাহসী সিদ্ধান্ত অন্যদের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে। এখন স্বীকৃতির প্রক্রিয়া শুরু হয়েছে, আর রাশিয়া তার পথপ্রদর্শক।

এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর জন্য বিশেষভাবে পর্যবেক্ষণের বিষয় হবে বলে মনে করা হচ্ছে। ২০২১ সালে তালেবান ক্ষমতা নেওয়ার পর যুক্তরাষ্ট্র আফগান কেন্দ্রীয় ব্যাংকের প্রায় ৯ বিলিয়ন ডলার সম্পদ জব্দ করে এবং তালেবানের শীর্ষ নেতাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে, যার ফলে দেশটির ব্যাংকিং খাত আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার সঙ্গে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে।

তালেবান ক্ষমতায় আসে ২০২১ সালের আগস্টে, যখন যুক্তরাষ্ট্র তাদের সমর্থিত আফগান সরকার থেকে সেনা প্রত্যাহার করে নেয়। তখন রাশিয়া এই প্রত্যাহারকে “ব্যর্থতা” হিসেবে আখ্যায়িত করে এবং তালেবানদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেয়।

২০২২ ও ২০২৪ সালে তালেবান প্রতিনিধিরা রাশিয়ার অর্থনৈতিক সম্মেলনে যোগ দেয় এবং ২০২৩ সালে মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করে।

২০২৪ সালের জুলাইয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তালেবানকে “সন্ত্রাসবিরোধী মিত্র” হিসেবে অভিহিত করেন, বিশেষ করে ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ (আইএসআইএস-কে)-এর বিরুদ্ধে লড়াইয়ের প্রেক্ষাপটে। রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ সেসময় বলেন, কাবুলের নতুন সরকার এখন একটি বাস্তবতা; তালেবানদের প্রতি মস্কোর উচিত আদর্শগত নয়, বাস্তববাদী নীতি গ্রহণ করা।