মঙ্গলবার । মার্চ ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ৬ জুলাই ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন
শেয়ার

‌‘আমেরিকা পার্টি’ নামে নতুন দল গঠন করলেন মাস্ক


‌‘আমেরিকা পার্টি’ নামে নতুন দল গঠন করলেন মাস্ক

‌‘আমেরিকা পার্টি’ নামে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন বিশ্বের অন্যতম প্রধান ধনী এবং টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। শনিবার (৫ জুলাই) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এ ঘোষণা দেন মাস্ক। সেখানে মাস্ক জানান, তিনি ‘আমেরিকা পার্টি’ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ার পর মাস্কের তরফে এই ঘোষণা এলো। নিজের দলকে আমেরিকার দুই প্রধান রাজনৈতিক শক্তি রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের বিপক্ষে তৃতীয় শক্তি হিসেবে দাঁড় করাতে চাচ্ছেন।

যদিও মাস্কের নতুন দল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে নিবন্ধিত হয়েছে কি না তা এখনো নিশ্চিত না। অন্যদিকে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী দেশটির বাইরে জন্ম নেওয়ায কেউ দেশটির প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না। এই নিয়মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে পারবেন না মাস্ক। সেক্ষেত্রে দলের নেতৃত্বে কে থাকবেন, তাও উল্লেখ করেননি তিনি।

ট্রাম্পের সঙ্গে প্রকাশ্য দ্বন্দ্বে জড়ানোর সময়ই মাস্ক প্রথম এই দল গঠনের ইঙ্গিত দিয়েছিলেন। সে সময় তিনি প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ থেকে সরে দাঁড়ান এবং তার সাবেক মিত্র ট্রাম্পের সঙ্গে তীব্র বাকযুদ্ধে লিপ্ত হন।

সেই বিরোধের সময় মাস্ক এক্স-এ একটি মতামত জরিপ চালান, যেখানে তিনি অনুসারীদের কাছে জানতে চান, যুক্তরাষ্ট্রে নতুন একটি রাজনৈতিক দল প্রয়োজন কি না।

শনিবার সেই জরিপের প্রসঙ্গ টেনে মাস্ক লেখেন, ‘জরিপে অংশগ্রহণকারীদের দুই-তৃতীয়াংশ নতুন দল চেয়েছেন এবং সেটাই আপনারা পেতে চলেছেন!’

যদিও মাস্কের এই নতুন দল ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচন কিংবা তার দুই বছর পরের প্রেসিডেন্সিয়াল ভোটে কতটা প্রভাব ফেলবে, তা এখনো অনিশ্চিত।