রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ৭ আগস্ট ২০২৫, ১:২৯ অপরাহ্ন
শেয়ার

মেসিকে ছাড়াই দারুণ জয়ে কোয়ার্টার-ফাইনালে মায়ামি


inter-miami

লিওনেল মেসি মাঠে না থাকলেও থামেনি ইন্টার মায়ামির জয়ের ধারা। চোটের কারণে স্কোয়াডে না থাকা এই মহাতারকার অনুপস্থিতিতেও দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন লুইস সুয়ারেজ ও রদ্রিগো দি পল। তাদের নৈপুণ্যে পুমাসকে ৩-১ গোলে হারিয়ে লিগস কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্রের ক্লাবটি।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বাংলাদেশ সময় সকালে যুক্তরাষ্ট্রের ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মায়ামির হয়ে এক গোল ও দুটি অ্যাসিস্ট করেন উরুগুইয়ান তারকা সুয়ারেজ। অপরদিকে, আর্জেন্টাইন মিডফিল্ডার দি পল করেন সমতাসূচক গোল। প্রথমার্ধের শেষ দিকে সুয়ারেজের বুদ্ধিদীপ্ত পাস বুক দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে গোল করেন দি পল, যা চলতি বছরে তার প্রথম গোল। এরপর দ্বিতীয়ার্ধে আলেন্দের গোলেও ভূমিকা ছিল সুয়ারেজের। অন্যদিকে, মেক্সিকোর ক্লাব পুমাসের একমাত্র গোলটি করেন জর্জ রুভালকাবা।

এই জয়ের ফলে প্রথম মেজর লিগ সকার (এমএলএস) দল হিসেবে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে মায়ামি। ২টি জয় ও ১টি ড্রয়ে (টাইব্রেকারে জয়) ৮ পয়েন্ট তাদের। এমএলএস ও লিগা এমএক্সের শীর্ষ চারটি দল কোয়ার্টার ফাইনালে খেলবে।

উল্লেখ্য, গত শনিবার নেকাক্সার বিপক্ষে ২-২ গোলে ড্র করা ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠ ছাড়েন মেসি। আজ গ্যালারিতে দর্শক সারিতে বসে নিজ দলের খেলা উপভোগ করেন এই মহাতারকা।