মঙ্গলবার । জুন ৯, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ২৩ আগস্ট ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ন
শেয়ার

‘বাড়ির নাম শাহানা’ এবার দেশের প্রেক্ষাগৃহে


Barir Nam Shahana

গুপী বাঘা প্রোডাকশনস লিমিটেড ও কমলা কালেক্টিভের প্রযোজনায় এবং লীসা গাজীর পরিচালনায় দেশের প্রেক্ষাগৃহে আসছে ‘বাড়ির নাম শাহানা’।

গুপী বাঘা প্রোডাকশনস তাদের অফিসিয়াল পেজে একটি পোস্টে জানিয়েছে, সিনেমাটি শিগগিরই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এর আগে এ সিনেমাটি লন্ডন, শিকাগো, মেলবোর্ন, বার্মিংহাম, রোম ও মুম্বাইয়ে প্রদর্শিত হয়েছে।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত এ সিনেমাটি নব্বইয়ের দশকের বাংলাদেশের এক রক্ষণশীল পরিবারের এক নারীর বেঁচে থাকার কাহিনি। এ সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র দীপা, যে কোনোভাবেই চায় না বিচ্ছেদের পর পরিবার বা সমাজ তার জীবনকে নিয়ন্ত্রণ করুক। কিন্তু রক্ষণশীল শহরে বড় হওয়ার পরও দীপা সমাজের কূপমণ্ডকতা পুরোপুরি অস্বীকার করে নিজের মতো করে বেঁচে থাকতে চায়।—এমনই গল্প উঠে এসেছে ‘বাড়ির নাম শাহানা’ সিনেমায়।

‘বাড়ির নাম শাহানা’ সিনেমার বেশিরভাগ চিত্রগ্রহণ করা হয়েছে বাংলাদেশের একটি মফস্বল শহরে। কিছু অংশের শুটিং হয়েছে যুক্তরাজ্যে। গল্পের সময় ও প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্য রেখেই সিনেমাটি ডাবিং ছাড়াই অন-লোকেশন সাউন্ডে নির্মিত হয়েছে বলে জানানো হয়।

সিনেমাটিতে দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দীকা। নির্মাতা লীসা গাজীর সঙ্গে যৌথভাবে সিনেমাটির চিত্রনাট্যও করেছেন অভিনেত্রী। এ ছাড়া আছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, লুৎফর রহমান জর্জ, ইরেশ যাকের, কাজী রুমা, কামরুন্নাহার মুন্নী প্রমুখ।