আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নতুন একটি লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে টানা ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। শনিবার (২০ সেপ্টেম্বর) এ তথ্য জানান আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, ২১ সেপ্টেম্বর (রবিবার) সকাল ৯টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেটের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২২ সেপ্টেম্বর (সোমবার) সকাল ৯টা থেকে ঢাকাসহ দক্ষিণাঞ্চলের অনেক জায়গায় এবং উত্তরাঞ্চলের কিছু এলাকায় বৃষ্টি অব্যাহত থাকবে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
২৪ সেপ্টেম্বর (বুধবার) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগেই (ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট) হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এরপর বর্ধিত পাঁচদিনের শেষের দিকে এ বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।







































