দক্ষিণ এশিয়ার শহরগুলোতে আবারও তীব্র আকার নিয়েছে বায়ুদূষণ। রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪৬ মিনিটে প্রকাশিত এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
লাহোরের বায়ুদূষণ স্কোর ১৮৪, যা অস্বাস্থ্যকর পর্যায়ে পড়ছে। দ্বিতীয় অবস্থানে থাকা ঢাকার স্কোর ১৬৮—এটিও অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত। ভারতের কলকাতা ১৬২ স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে, যা একইভাবে অস্বাস্থ্যকর পর্যায়ের অন্তর্ভুক্ত।
বিশেষজ্ঞদের মতে, বায়ুমানের স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তা ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।







































