বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২২ সেপ্টেম্বর ২০২৫, ২:১৮ অপরাহ্ন
শেয়ার

দুর্গাপূজায় কোনও নিরাপত্তাঝুঁকি নেই, পূজা হবে উৎসবমুখর: স্বরাষ্ট্র উপদেষ্টা


এবারের শারদীয় দুর্গাপূজায় কোনও নিরাপত্তাঝুঁকি নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘বিগত সময়ের চেয়ে এবার আরও বেশি সম্প্রীতির বন্ধন অটুট থাকবে এবং উৎসবমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হবে।’

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশনের পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন,  এখানে পূজামন্ডপকে ঘিরে নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা রাখা হয়েছে। ২৪ তারিখ থেকে আনসার সদস্যরা থাকবে এবং তাদের সাথে স্বেচ্ছাসেবক হিসেবে পূজা উদযাপন কমিটির সদস্য, পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরাও থাকবে।

অতীতের যে কোনো সময়ের চেয়ে এবারের পূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,  সারাদেশে ৩৩ হাজার পূজামন্ডপ রয়েছে। প্রতিটি মন্ডপে পূজা উদযাপন কমিটির ৭জন, ৮জন আনসার এবং পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা থাকবে। এছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ৮০ হাজার ভলেন্টিয়ার থাকবে।

উপদেষ্টা বলেন, এ বছর পূজামন্ডপের আশেপাশে বড় ধরনের মেলা বসতে দেয়া হবে না। তবে কিছু কিছু দোকান থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মোহাম্মদ জসীমউদ্দিন, র‍্যাব-১১ অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির উপদেষ্টা প্রবীর কুমার সাহা, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন ও আমলাপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা প্রমুখ।

পরে শহরের আমলাপাড়া পূজামণ্ডপ পরিদর্শন করেন উপদেষ্টা।