
ফাইল ছবি
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে আজ (সোমবার) মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। তিনি কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য ১৪তম ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্সে এ অংশ নেবেন।
মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড ও মালয়েশিয়ান ডিফেন্স ফোর্সের যৌথ আয়োজনে এ সম্মেলনে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের সেনাপ্রধানরা অংশ নিচ্ছেন। সম্মেলনে পারস্পরিক মৈত্রী ও সহযোগিতা জোরদার, আঞ্চলিক সংকট মোকাবেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় অভিজ্ঞতা বিনিময়ের বিষয়গুলো গুরুত্ব পাবে।
বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের এই সফরের মধ্য দিয়ে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও কৌশলগত সহযোগিতা বাড়ানোর নতুন সম্ভাবনার দ্বারও উন্মোচিত হবে।
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আগামী ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন বলে জানা গেছে।







































