মঙ্গলবার । মার্চ ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৮ অক্টোবর ২০২৫, ৯:০৮ অপরাহ্ন
শেয়ার

যত দ্রুত সম্ভব বিমানবন্দর সচল করতে চাই: বিমান উপদেষ্টা


BasirUddin

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর শনিবার (১৮ অক্টোবর) ঘটনাস্থল পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। পরিস্থিতি ঘুরে দেখে তিনি জানান, বিমানবন্দরের কার্যক্রম যত দ্রুত সম্ভব স্বাভাবিক করার জন্য সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে।

উপদেষ্টা বলেন, ‘আগুন এখন নিয়ন্ত্রণে। আমাদের প্রধান লক্ষ্য হলো—বিমানবন্দরের কার্যক্রম কত দ্রুত পুনরায় চালু করা যায়। বর্তমানে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে, তবে আমরা চেষ্টা করছি আজ রাতের মধ্যেই ফ্লাইট চলাচল আবার শুরু করতে।’

তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সংকট কাটিয়ে ওঠা এবং যাত্রী ও দেশের স্বার্থে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনা। আমরা বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সকল সংস্থার সঙ্গে বৈঠক করছি এবং প্রক্রিয়াগতভাবে পরবর্তী পদক্ষেপ নিচ্ছি।’

শেখ বশিরউদ্দীন জানান, অগ্নিকাণ্ডটি ঘটেছে শুধুমাত্র আমদানি কার্গো অংশে, তবে রপ্তানি কার্গো এলাকা সম্পূর্ণ নিরাপদ রয়েছে। “ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। পাশাপাশি একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে, যাতে অগ্নিকাণ্ডের কারণ ও দায় নির্ধারণ করা যায়,” বলেন তিনি।

অগ্নি নিয়ন্ত্রণের সময় আহত ফায়ার সার্ভিস সদস্যদের বিষয়ে উপদেষ্টা বলেন, ‘আমাদের কয়েকজন ফায়ার ব্রিগেড সদস্য আহত হয়েছেন। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনো কিছু অংশে তাপ রয়েছে, আমরা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এই পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণের জন্য আমরা সবার দোয়া কামনা করছি। ইনশাআল্লাহ খুব শিগগিরই শাহজালাল বিমানবন্দর পুরোপুরি সচল হবে।’