
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (১৮ অক্টোবর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ দুপুর ২ টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস, সামরিক বাহিনী ও বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত ও সমন্বিত পদক্ষেপে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন সম্পূর্ণ নিভে গেছে এবং দ্রুততম সময়ের মধ্যে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হবে। এ বিষয়ে বিমানবন্দর ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সব সংস্থা ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের শেখ বশিরউদ্দীন ঘটনাস্থলে অবস্থান করে পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি সংশ্লিষ্ট সকল সংস্থাকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন, যাতে বিমানবন্দরের কার্যক্রম নির্বিঘ্নে পুনরায় চালু করা যায়।
অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে শিগগিরই তদন্ত কমিটি গঠন করা হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। তদন্তে অগ্নিকাণ্ডের উৎস চিহ্নিত করে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
বিমানবন্দর ব্যবহারকারী যাত্রী ও সাধারণ জনগণের সহযোগিতা ও ধৈর্যের জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে।







































