মঙ্গলবার । মার্চ ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৯ অক্টোবর ২০২৫, ৯:১৪ অপরাহ্ন
শেয়ার

শাহজালালে আগুনে ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকার বেশি: বিজিএমইএ


bgmea

কার্গো ভিলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিজিএমইএ নেতারা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকার বেশি হতে পারে বলে জানিয়েছেন তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ’র নেতারা। তাদের মতে, এ দুর্ঘটনায় দেশের রপ্তানি বাণিজ্য, বিশেষ করে তৈরি পোশাক খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

রবিবার (১৯ অক্টোবর) বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি ইনামুল হক খান এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্যে তিনি এসব তথ্য জানান।

ইনামুল হক বলেন, অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ তৈরি পোশাক, মূল্যবান কাঁচামাল ও নতুন ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ স্যাম্পল পুড়ে গেছে। এই দুর্ভাগ্যজনক ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আগুনে যে পরিমাণ পণ্য নষ্ট হয়েছে, তা শুধু বর্তমান রপ্তানির ক্ষতি নয়, ভবিষ্যতের ব্যবসায়িক সুযোগও ব্যাহত করবে।

তিনি আরও জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে বিজিএমইএ ইতিমধ্যে কাজ শুরু করেছে। সদস্যদের কাছ থেকে নির্ধারিত ফরমে ক্ষতিগ্রস্ত পণ্যের তালিকা চাওয়া হয়েছে এবং দ্রুত তথ্য সংগ্রহের জন্য একটি অনলাইন পোর্টাল চালু করা হয়েছে।

ইনামুল হক বলেন, প্রতিদিন প্রায় ২০০ থেকে ২৫০টি কারখানার পণ্য আকাশপথে রপ্তানি হয়। সংগৃহীত তথ্যের ভিত্তিতে শিগগিরই বিমানবন্দর কর্তৃপক্ষ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, কাস্টমসসহ সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় সভা করবে বিজিএমইএ।

তিনি আরও যোগ করেন, আমরা ভেতরে গিয়ে ভয়াবহ দৃশ্য দেখেছি। পুরো ইমপোর্ট সেকশন পুড়ে গেছে। আমাদের অনুমান, ক্ষতির পরিমাণ ১ বিলিয়ন মার্কিন ডলার নয়, বরং স্থানীয় মুদ্রায় ১০০ কোটি টাকারও বেশি হতে পারে।