মঙ্গলবার । মার্চ ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৮ অক্টোবর ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন
শেয়ার

ভোটের আগে অধিকাংশ অস্ত্র উদ্ধার হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা


 

Home Advisor

আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনের আগে অধিকাংশ অস্ত্র উদ্ধার হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের পরিবহন খাতে নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত ৩১টি যানবাহনের হস্তান্তর অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, প্রতিনিয়ত অস্ত্র উদ্ধার করা হচ্ছে যা অব্যাহত থাকবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে তিনজন অস্ত্রধারীসহ মোট ১৩ জন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এছাড়া প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় আরও একজন অস্ত্রধারী সদস্য নিয়োজিত থাকবেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচনে আনসারদের অবদান সবচেয়ে বেশি থাকবে। এবার প্রথমবারের মতো প্রিজাইডিং অফিসারের সঙ্গে অস্ত্রধারী একজন আনসার সদস্য মোতায়েন থাকবে। নির্বাচনের সময় আনসার সদস্যরা মোট নয়দিন দায়িত্ব পালন করবেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা নিজেদের জীবন ও স্বার্থের তোয়াক্কা না করে নিষ্ঠা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।’

আনসার সদস্যদের যাতায়াতজনিত সমস্যা লাঘবের লক্ষ্যে নতুন পরিবহন সার্ভিস চালু করা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের নিজস্ব অর্থায়নে মোট ৩১টি যানবাহন কেনা হয়েছে। এটি নিঃসন্দেহে ট্রাস্টি বোর্ডের দূরদর্শী পরিকল্পনার ফসল, যা বাহিনীর কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে।’

অস্ত্র উদ্ধারের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রতিদিনই অস্ত্র উদ্ধার হচ্ছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, উদ্ধার কার্যক্রম তত বৃদ্ধি পাচ্ছে।’

অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।