মঙ্গলবার । মার্চ ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৩১ অক্টোবর ২০২৫, ৩:৪১ অপরাহ্ন
শেয়ার

সংস্কার না মানলে বিএনপি দায়িত্বহীনতার পরিচয় দেবে: তাহের


Taher

বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

বিএনপি সংস্কার প্রস্তাব না মানলে তা রাজনৈতিক দায়িত্বহীনতার উদাহরণ হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, “সংস্কার প্রস্তাব প্রত্যাখ্যান করা মানে নতুন করে রাজনৈতিক সংকট তৈরি এবং ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের মনে সংশয় সৃষ্টি করা।”

শুক্রবার (৩১ অক্টোবর) কুমিল্লার চৌদ্দগ্রামে নিজ নির্বাচনী এলাকায় ভোটকেন্দ্র পরিচালকদের সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “যদি নির্বাচন না হয়, যারা বিদেশে বসে ষড়যন্ত্র করছে তারা সুযোগ নেবে। মনে হচ্ছে বিএনপি আবারও বিগত সরকারের মতো পরিস্থিতিতে ফিরতে চায়। বাংলাদেশকে আওয়ামী জাহেলিয়াতের দিকে ফেরাতে জনগণ রাজি হবে না।”

সরকারের নিরপেক্ষতার বিষয়ে মন্তব্য করে তাহের বলেন, “যদি সরকার সিদ্ধান্ত থেকে সরে আসে, তবে প্রমাণ হবে তারা আর নিরপেক্ষ নয়। কোনো দলের প্রতি আনুগত্য দেখালে এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আশঙ্কা দেখা দেবে।”

সমাবেশে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান, সাবেক আমির আবদুস সাত্তার, উপজেলা আমির মাহফুজুর রহমান, পৌর আমির মাওলানা ইব্রাহীমসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।