
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল
দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও নেতৃত্ব পরিবর্তনের ঘটনাগুলো দুর্বল ও অদক্ষ শাসনের ফল বলে মন্তব্য করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল। তিনি বলেন, ‘বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কাসহ বেশ কয়েকটি দেশে শাসনব্যবস্থার দুর্বলতা ও অযোগ্যতা রাজনৈতিক অস্থিরতা ও নেতৃত্ব পরিবর্তনের ক্ষেত্র তৈরি করেছে।’
শুক্রবার (৩১ অক্টোবর) ভারতের জাতীয় ঐক্য দিবস উপলক্ষে আয়োজিত সরদার প্যাটেল স্মারক বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানের মূল বিষয় ছিল ‘সুশাসন ও জাতি গঠন।’
দোভাল বলেন, ‘ইতিহাসে আমরা দেখেছি—সাম্রাজ্য, রাজতন্ত্র কিংবা গণতান্ত্রিক ব্যবস্থা—যেকোনো রাষ্ট্রের উত্থান ও পতন নির্ভর করে তার শাসনের মানের ওপর। কার্যকর শাসন না থাকলে একটি রাষ্ট্রের স্থিতিশীলতা ও নিরাপত্তা টেকে না।’
তিনি আরও বলেন, ‘একটি জাতিকে গড়ে তুলতে ও টিকিয়ে রাখতে প্রশাসনিক দক্ষতা ও দায়বদ্ধতা অপরিহার্য। যখন অভ্যন্তরীণ দুর্বলতা বেড়ে যায়, তখন সেটিই রাষ্ট্রের পতনের সূচনা ঘটায়।’
দোভালের বক্তব্যে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন পাওয়া যায় বলে বিশ্লেষকরা মনে করছেন। সাম্প্রতিক বছরগুলোতে শ্রীলঙ্কায় অর্থনৈতিক সঙ্কট, নেপালে নেতৃত্বের ঘনঘন পরিবর্তন এবং বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা—সবই কার্যকর শাসনের ঘাটতির ইঙ্গিত দেয় বলে তারা উল্লেখ করেন।






































