
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) অভিযোগ করেছে, বিএনপি জুলাই বিপ্লবের চেতনাকে অস্বীকার করে নতুন বাংলাদেশ গঠনের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে। রোববার রাতে ডাকসুর সভাপতি সাদিক কায়েম, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ এবং এজিএস মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ মন্তব্য করা হয়।
বিবৃতিতে বলা হয়, বৈষম্য ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধেই মৌলিক সংস্কারের প্রত্যাশায় জুলাই বিপ্লব সংঘটিত হয়েছিল। স্বাধীন ও শক্তিশালী সাংবিধানিক প্রতিষ্ঠান গঠন, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন ছিল নতুন প্রজন্মের। কিন্তু বিএনপি ধারাবাহিকভাবে সেই সংস্কার বাস্তবায়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেন ডাকসু নেতারা।
তাদের দাবি, পিএসসি, দুদক, ন্যায়পাল, মহা-হিসাব নিরীক্ষকের মতো প্রতিষ্ঠানে দলীয় প্রভাবমুক্ত নিয়োগব্যবস্থা প্রতিষ্ঠার প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিয়ে ক্ষমতার একচেটিয়া নিয়ন্ত্রণ টিকিয়ে রাখতে চাইছে বিএনপি। একইভাবে চাকরি ব্যবস্থার বৈষম্য দূরীকরণ, জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন গঠন, অনুচ্ছেদ-৭০ সংশোধন ও ফৌজদারি তদন্ত সার্ভিস প্রতিষ্ঠার মতো সংস্কারের বিরোধিতা করে তরুণ প্রজন্মের ন্যায্য আকাঙ্ক্ষাকে উপেক্ষা করছে দলটি।
ডাকসুর বিবৃতিতে আরও বলা হয়, এই সংস্কারগুলো কোনো দলের নয়- রাষ্ট্র ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে প্রস্তাবিত। তাই জনগণের মতামত নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত হওয়া উচিত। গণভোটই জনগণের ম্যান্ডেট নিশ্চিতের সর্বোত্তম পদ্ধতি বলে মত দিয়েছে সংগঠনটি।
বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, কোনো রাজনৈতিক শক্তি বা প্রাতিষ্ঠানিক স্বার্থ নতুন বাংলাদেশ নির্মাণের পথে বাধা দিলে ছাত্র-জনতা তা দৃঢ়ভাবে মোকাবিলা করবে।




































