
ফাইল ছবি
জুলাই সনদ নিয়ে গণভোট আয়োজনে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ সোমবার (৩ নভেম্বর) জরুরি বৈঠকে বসছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। দুপুরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকের পর সরকারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে সিদ্ধান্ত জানানো হতে পারে।
প্রধান উপদেষ্টার কার্যালয়সহ সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুর ১২টায় কার্যালয়ের করবী হলে প্রেস ব্রিফিং হবে। তবে কে সংবাদ সম্মেলন করবেন, তা এখনো নিশ্চিত করা হয়নি। বৈঠক ও ব্রিফিং- দুটি আয়োজনই এবার প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার কার্যালয়ে হতে যাচ্ছে। এর আগে সাধারণত ফরেন সার্ভিস একাডেমিতে এসব আয়োজন করা হতো।
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে নীতিগত ঐকমত্য থাকলেও সময় নিয়ে মতানৈক্য রয়েছে। ঐকমত্য কমিশনের সুপারিশেও গণভোট আয়োজনের কথা উল্লেখ আছে, যদিও সময় নির্ধারণের দায়িত্ব রাখা হয়েছে সরকারের ওপর।
বিএনপিসহ সমমনা দলগুলো আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট চায়। অন্যদিকে জামায়াতে ইসলামীসহ কিছু দল নভেম্বরের মধ্যেই গণভোটের দাবি তুলেছে। তবে এনসিপি তারিখ নিয়ে কোনো বিশেষ পছন্দ প্রকাশ করেনি।
গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকের পর আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, গণভোটের সময় নির্ধারণ করবেন প্রধান উপদেষ্টা। “আমরা তাঁকে সহায়তা করব, সিদ্ধান্ত খুব দ্রুতই হবে,” -এ মন্তব্যও করেন তিনি।
সবশেষে দৃষ্টি এখন আজকের বৈঠক ও পরবর্তী ঘোষণা-জনগণের ম্যান্ডেট নিশ্চিতের পথে বড় পদক্ষেপ আসছে কি না, তাই দেখবে দেশ।





































