
২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বাড়ানো হয়েছে ৩ হাজার ৯৬৬ টাকা।
এতে এক ভরি সোনার দাম ২ লাখ ২২ হাজার ৭৩ টাকা হয়েছে। এর মধ্য দিয়ে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে নতুন উচ্চতায় উঠল সোনার বাজার।
সোমবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম বাড়ানোর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগামীকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে।
এতে অতীতের সব রেকর্ড ভেঙে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ৩ হাজার ৯৬৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৮৩ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ৩ হাজার ৭৯১ টাকা বাড়িয়ে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ৮১ হাজার ৭২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ২ হাজার ৮০০ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫১ হাজার ৩৯৯ টাকা।
সোনার দাম বাড়ানোর পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩৮৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৯৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩৬২ টাকা বাড়িয়ে ৪ হাজার ৭২৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩৫০ টাকা বাড়িয়ে ৪ হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ২৩৪ টাকা বাড়িয়ে ৩ হাজার ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।










































