
ছবি: সংগৃহীত
ডিসেম্বরের তৃতীয় সপ্তাহজুড়ে মালয়েশিয়ার পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিপো বিভিন্ন দেশের মোট ১১৫ জন বিদেশি নাগরিককে তাদের নিজ দেশে প্রত্যাবাসন করেছে।
ইমিগ্রেশন সূত্রে জানানো হয়েছে, প্রত্যাবাসন করা ব্যক্তিদের মধ্যে মিয়ানমারের ৮০ জন, ইন্দোনেশিয়ার ১১ জন, ভারতের ১০ জন, বাংলাদেশের ৭ জন, পাকিস্তানের ৩ জন, নেপালের ২ জন এবং থাইল্যান্ড ও চীনের একজন করে নাগরিক রয়েছেন।
কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ-১ ও কেএলআইএ-২), সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং পাসির গুদাং ফেরি টার্মিনাল ব্যবহার করে আটকদের দেশে ফেরত পাঠানোর কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, প্রত্যাবাসনের ক্ষেত্রে টিকিটের ব্যয় মেটানো হয়েছে আটক ব্যক্তিদের নিজস্ব সঞ্চয়, পরিবারের আর্থিক সহায়তা এবং কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের সহায়তায়।
এছাড়া দেশে ফেরত পাঠানো সব বিদেশিকে মালয়েশিয়ার ইমিগ্রেশন সিস্টেমে ব্ল্যাকলিস্ট করা হয়েছে, যার ফলে নির্ধারিত সময়ের মধ্যে তারা পুনরায় দেশে প্রবেশ করতে পারবে না।










































