
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে পাঁচ উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন ইন্দোনেশিয়ার পেস বোলিং অলরাউন্ডার গেদে প্রিয়ান্দানা। পুরুষ ও নারী ক্রিকেট মিলিয়ে টি-টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়ে বিশ্ব রেকর্ডের মালিক হন তিনি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বালিতে কম্বোডিয়ার বিপক্ষে আট ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে এই অসাধারণ পারফরম্যান্স করেন ২৮ বছর বয়সী এই পেসার।
ম্যাচে মাত্র এক ওভার বল করে ১ রানের বিনিময়ে হ্যাটট্রিকসহ ৫ উইকেট শিকার করেন প্রিয়ান্দানা। ১৬তম ওভারে প্রথমবার আক্রমণে এসে টানা তিন বলে কম্বোডিয়ার শাহ আবরার হোসেন, নির্মলজিৎ সিং ও চ্যানথুন রথনকের উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। চতুর্থ বলটি ডট হলেও পঞ্চম বলে মংদারা সককে আউট করেন। শেষ বলে পেল ভেনাককে সাজঘরে পাঠিয়ে এক ওভারে পাঁচ উইকেট নেওয়ার বিশ্ব রেকর্ড গড়েন প্রিয়ান্দানা।
উদয়না ক্রিকেট মাঠে টসে হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৬৭ রান সংগ্রহ করে ইন্দোনেশিয়া। দলের হয়ে ওপেনার ও উইকেটরক্ষক ধার্মাকেসুমার কেসুমা ঝড়ো সেঞ্চুরি করেন। ৮টি চার ও ৬টি ছক্কায় ৬৮ বলে অপরাজিত ১১০ রান করেন তিনি।
কেসুমার সঙ্গে উদ্বোধনী জুটিতে খেলেন প্রিয়ান্দানা। ব্যাট হাতে তিনি ১১ বলে ৬ রান করলেও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সে দলের জয়ে বড় ভূমিকা রাখেন।
১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৫ ওভারে ৫ উইকেটে ১০৪ রান তোলে কম্বোডিয়া। তবে প্রিয়ান্দানার বিধ্বংসী এক ওভারের পরই ম্যাচের চিত্র পাল্টে যায়। শেষ পর্যন্ত ১৬ ওভারে ১০৭ রানে অলআউট হয়ে যায় কম্বোডিয়া।
উল্লেখ্য, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে পাঁচ উইকেট নেওয়ার ঘটনা এই প্রথম। এর আগে ঘরোয়া টি-টোয়েন্টিতে এমন কীর্তি দেখা গেছে মাত্র দু’বার। ২০১৩-১৪ মৌসুমে বিজয় দিবস টি-টোয়েন্টি কাপে ইউসিবি-বিসিবি একাদশের হয়ে আবাহনী লিমিটেডের বিপক্ষে এক ওভারে পাঁচ উইকেট নিয়েছিলেন আল-আমিন হোসেন। এছাড়া ২০১৯-২০ মৌসুমে ভারতের সৈয়দ মুশতাক আলী ট্রফিতে কর্নাটকের পেসার অভিমন্যু মিঠুন হরিয়ানার বিপক্ষে একই কীর্তি গড়েন।
এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে চার উইকেট নেওয়ার ঘটনা ঘটেছে ১৪ বার। এর মধ্যে ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা চার বলে চার উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কার সাবেক পেসার লাসিথ মালিঙ্গা।











































